আবারও মুখোমুখি ফ্রান্স-স্পেন

বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে হারের ক্ষতটা এখনো শুকায়নি ফ্রান্সের। এরই মধ্যে নেশনস লিগ কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যাচ্ছে দুই ইউরোপিয়ান পরাশক্তির। গতকাল শুক্রবারের ড্রতে নিয়তি আরও একবার মুখোমুখি করিয়েছে কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে।
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল সেরা আট দল। কোয়ার্টারে কে কার মুখোমুখি হবে, সেটি জানতেই সবার নজর ছিল ড্রয়ের দিকে। সুইজারল্যান্ডের নিয়নে গতকাল হয়ে গেল উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের সেই ড্র।
চার গ্রুপ চ্যাম্পিয়ন ছিল এক পটে, রানার্সআপ চার দল অন্য পটে। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে নরওয়ে ও ইংল্যান্ড।
তৃতীয় ম্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। শেষ ম্যাচে মুখোমুখি বেলজিয়াম ও জার্মানি।
স্পেন-ফ্রান্স ম্যাচের জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস-পর্তুগাল ম্যাচের জয়ীর বিপক্ষে। নরওয়ে-ইংল্যান্ড ম্যাচের জয়ী দল খেলবে জার্মানি-বেলজিয়াম ম্যাচের জয়ী দলের বিপক্ষে।
দুই লেগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ২০২৭ সালের ২৫ থেকে ২৭ মার্চ, গ্রুপ রানার্সআপ দলগুলোর মাঠে। ২৮ থেকে ৩০ মার্চ দ্বিতীয় লেগ গ্রুপ চ্যাম্পিয়নদের ঘরের মাঠে। এরপর সেমিফাইনাল ৯ ও ১০ জুন এবং ফাইনাল ১৩ জুন।
গত বিশ্বকাপে হট ফেভারিট ছিল ফ্রান্স। কিন্তু এমবাপ্পেদের যেন ‘এনাকোন্ডা’র ফাঁসে ফেলেছিল স্পেন। ফ্রান্সকে বোতলবন্দি করে তারা ম্যাচটা জেতে ২-০ গোলে। ২২ মিনিটে মিকেল ওয়ারসাবাল ও ৫৮ মিনিটে অন্য গোলটি পেদ্রো পেরোর।
শুধু িবশ্বকাপ নয়, ২০২৫ সালের নেশনস লিগ সেমিফাইনাল ও ২০২৪ ইউরোর শেষ চারেও ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। ২০২৫ সালের নেশনস লিগে ৫-৪ ব্যবধানে স্পেনের জেতা ম্যাচটা তো ছিল ফুটবল মহাকাব্য। ৫৫ মিনিটে স্পেন এগিয়ে যায় ৪-০ গোলে। ৬৭ মিনিটে ম্যাচের স্কোর ৫-১। এরপর তিন গোল করে ম্যাচ জমিয়ে তোলে ফ্রান্স। শেষ পর্যন্ত ম্যাচটা শেষ হয় ৫-৪-এ।
২০২১ সালের নেশনস লিগ ফাইনালে অবশ্য স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল ফ্রান্স। সেবার ৮০ মিনিটে করা কিলিয়ান এমবাপ্পের গোল নিয়ে বিতর্ক হয়েছিল যথেষ্ট। এর বদলে যায় অফসাইডে আইনের একটি ধারা। সেই দুই প্রতিপক্ষের লড়াইটা উপভোগ্যই হওয়ার কথা এবার।
এ ছাড়া গতকাল অনুষ্ঠিত হয়েছে প্লে-অফের ড্রও। প্লে-অফে মুখোমুখি বসনিয়া ও ডেনমার্ক, হাঙ্গেরি-সার্বিয়া, আয়ারল্যান্ড-ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া-ওয়েলস, সাইপ্রাস-নর্থ মেসিডোনিয়া, এস্তোনিয়া-রোমানিয়া, ফারো আইল্যান্ড-জর্জিয়া, বেলারুস-ইসরায়েল।



