স্কালোনি
কোচের পদ ফাঁকা হচ্ছে, মেসি চাইলে আসতে পারে

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে খেলোয়াড়ি অধ্যায়ের ইতি টেনেছেন লিওনেল মেসি। তবে মেসির জন্য আলবিসেলেস্তেদের ডাগআউটের দরজা খোলা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল বিদায় নেওয়ার প্রেক্ষাপটে মজার ছলে আর্জেন্টিনার কোচিং স্টাফে মেসিকে যুক্ত করার কথা বলেছেন বিশ্বজয়ী এই কোচ।
মেসির বিদায়ের পর প্রথম আন্তর্জাতিক সফরের শেষ ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে কথা বলেন স্কালোনি। সেখানেই লিওনেল মেসির ভবিষ্যৎ ও কোচিং স্টাফে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় মেসি খেলা চালিয়ে যাবে। ২০৩০ সালের পরও সে খেলা চালিয়ে যাবে। আশা করি সে যতদিন পারে খেলবে। আর যদি সে কোচিং স্টাফে যোগ দিতে চায়, তবে কোনো সমস্যাই নেই। এখন যেহেতু ওয়াল্টার (স্যামুয়েল) চলে গেছে...।’ অবশ্য খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নয়, বরং ক্রীড়া ব্যবস্থাপনা বা ক্লাব পরিচালনায় আগ্রহের কথা এর আগে একাধিকবার জানিয়েছেন মেসি। ইতিমধ্যে তিনি লেওনেস দে রোজারিও, স্পেনের এলদেনসে এবং উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের মতো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে সেটি প্রমাণও করেছেন। তাই নিকট ভবিষ্যতে মেসিকে আর্জেন্টিনার কোচিং স্টাফে দেখার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।
এদিকে আর্জেন্টিনা দলের কোচিং স্টাফ থেকে বিদায় নিচ্ছেন স্কালোনির সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল। তার শূন্যস্থান পূরণে এখনই বাইরে থেকে কাউকে নেওয়া হচ্ছে না জানিয়ে স্কালোনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নতুন কাউকে যুক্ত করছি না। আমরা বিশ্বাস করি এভাবেই চালিয়ে যেতে পারব। যেকোনো প্রয়োজনে বয়সভিত্তিক দলের কোচরা আমাদের সাহায্য করতে পারেন, তবে সেটি ভবিষ্যতের বিষয়।’
বন্ধু ও কোচিং স্টাফের বিশ্বস্ত সহচর স্যামুয়েলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘ওয়াল্টার আগেই আমাদের জানিয়েছিল যে সে এককভাবে নিজের ক্যারিয়ার শুরু করবে। আমার এই বন্ধুর প্রতি চিরন্তন কৃতজ্ঞতা এবং তার জন্য শুভকামনা। সে এই কোচিং স্টাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল।’




