রিয়ালে ফিরছেন পাস?

সংগৃহীত ছবি
গত গ্রীষ্মেই তাকে ইতালিয়ান ক্লাব কোমোর কাছে বিক্রি করেছিল রিয়াল মাদ্রিদ। আর্জেন্টিনার তরুণ তুর্কি সেই নিকো পাসই এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত নাম। লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে ধরা হচ্ছে তাকেই। সেই পাসকে তাই আবারও ঘরে ফেরাতে চায় রিয়াল। ধারণা করা হচ্ছে, আগামী দলবদলের মৌসুমে ৮০ মিলিয়ন ইউরোতে পাসকে ক্লাবে ফেরাচ্ছেন জোসে মরিনহো।
স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা কোপের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাসকে দলে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে স্প্যানিশ জায়ান্টরা। এরই মধ্যে কোমোকেও বিষয়টি জানিয়ে দিয়েছে তারা।
বর্তমানে কোমোর অন্যতম সেরা খেলোয়াড় পাস। চলতি মৌসুমে 'সিরি আ'-তে ১০ ম্যাচ খেলে তিনটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন ২২ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার। চ্যাম্পিয়নস লিগেও দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। মাত্র চার ম্যাচেই করেছেন তিন গোল, সঙ্গে রয়েছে পাঁচটি অ্যাসিস্ট।
গত গ্রীষ্মে, ৬৬ মিলিয়ন ইউরোতে পাসকে কোমোর কাছে বিক্রি করেছিল রিয়াল মাদ্রিদ। এর আগে এক মৌসুম ধারে ইতালির ক্লাবটিতে খেলেছিলেন তিনি।
তবে পাসকে ফেরানোর পরিকল্পনা থাকলেও গত গ্রীষ্মে তা বাস্তবায়ন করেনি মাদ্রিদ। কারণ, নিজের ফুটবলীয় উন্নতির স্বার্থে কোমোতেই আরও কিছুদিন থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই তরুণ মিডফিল্ডার।
পাসের সেই ইচ্ছাকে সম্মান জানায় রিয়াল। তবে চুক্তিতে, ৮০ মিলিয়ন ইউরোতে তাকে পুনরায় দলে ফেরানোর বিশেষ সুযোগ বা বাই-ব্যাক ক্লজ রেখে দেয় স্প্যানিশ ক্লাবটি।
এবার সেই সুযোগ কাজে লাগাতে যাচ্ছে রিয়াল। রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতেই ফুটবলের হাতেখড়ি পাসে। ক্লাবটির যুব পর্যায়ের সব ধাপ পেরিয়ে মূল দলে সুযোগ পান তিনি। কোমোতে যোগ দেয়ার আগে রিয়ালের মূল দলের হয়ে আটটি ম্যাচেও মাঠে নেমেছিলেন এই আর্জেন্টাইন তারকা।



