ইয়ামালের মৌসুম শেষ, খেলবেন বিশ্বকাপে

চোট নিয়ে মাঠ ছাড়েন লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত
সেল্তা ভিগোর বিপক্ষে তার মাঠ ছাড়ার পর থেকেই জেগেছিল শঙ্কা। লামিন ইয়ামাল কি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন? শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। বার্সেলোনা নিশ্চিত করেছে, চলতি মৌসুমে কাতালানদের হয়ে খেলতে পারবেন না ইয়ামাল।
হ্যামস্ট্রিং চোটে পড়েছেন বার্সেলোনা তারকা। বার্সেলোনা জানিয়েছে, সুস্থ হয়ে ফিরতে পাঁচ সপ্তাহের মতো সময় লাগবে। কাতালানদের জন্য দুঃসংবাদ হলেও এই সময়কাল স্বস্তি দিচ্ছে স্পেনকে। কারণ বিশ্বকাপের আগেই ফিট হয়ে ফিরতে পারবেন ইয়ামাল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, সেল্তা ভিগোর বিপক্ষে পেনাল্টি নেওয়ার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ইয়ামাল। এমআরআইয়ে তার চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিবৃতির পরের অংশে বার্সা আরও জানিয়েছে, রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ইয়ামালকে। মৌসুমের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না তিনি।
এরপরই স্পেন জাতীয় দলকে সুখবর দিয়েছে কাতালান ক্লাবটি। তারা জানিয়েছে, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন স্পেনের অন্যতম সেরা এই খেলোয়াড়। যেহেতু বিশ্বকাপ শুরু হতে এখনও ৫০ দিনের মতো বাকি, সেই হিসাবে ফুল ফিটের ইয়ামালকেই পাওয়ার কথা স্পেনের।
মৌসুমের শেষ অংশে ইয়ামালকে হারানোটা বার্সেলোনার জন্য বড় ধাক্কার। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে ৯ পয়েন্টে এগিয়ে থাকায় শেষ ৬ ম্যাচে প্রভাবটা হয়তো সেভাবে পড়বে না।

