মেসির উত্তরসূরি নিকো পাস!

সংগৃহীত ছবি
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আর্জেন্টিনার কিংবদন্তি দশ নম্বর জার্সির নতুন মালিক কে হবেন এ নিয়ে চলছে আলোচনা। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি নাকি এরই মধ্যেই মেসির উত্তরসূরি হিসেবে তরুণ মিডফিল্ডার নিকো পাসকে বেছে নিয়েছেন।
ইএসপিএন আর্জেন্টিনার ইনসাইডার ফেদেরিকো বুয়েনোর দাবি, মেসির অবসরের পর ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিকো পাসের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা দলের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা।
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলা ২১ বছর বয়সী পাস এত দিন ১৮ নম্বর জার্সি পরেছেন।
১০ নম্বর জার্সির সম্ভাব্য দাবিদার হিসেবে এনসো ফের্নান্দেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতো তারকাদের নাম থাকলেও স্কালোনির পছন্দ নিকো পাস। বুয়েনো বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে স্কালোনির চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হওয়ার কথা। তিনি কোচ হিসেবে থাকলে ১০ নম্বর জার্সিটি নিকো পাসের কাছেই যাবে। বিষয়টি অভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
২০০৯ সালের মার্চে দিয়েগো ম্যারাডোনার অধীনে প্রথমবার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। এরপর টানা ১৭ বছর এই ঐতিহাসিক জার্সির সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি পরে সর্বোচ্চ ১৭২ ম্যাচ খেলার রেকর্ডও মেসির দখলে। ম্যারাডোনা, আরিয়েল ওর্তেগা, হুয়ান রোমান রিকেলমে ও মার্সেলো গালার্দোর মতো কিংবদন্তিদেরও অনেক পেছনে ফেলেছেন তিনি।
ক্লাব ফুটবলেও ১০ নম্বর জার্সি পরে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নিকো পাস। গত মৌসুমে ১৩ গোল ও ৭টি অ্যাসিস্টে কোমোকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই তরুণ প্লেমেকার। এবার আর্জেন্টিনার জার্সিতেও মেসির রেখে যাওয়া উত্তরাধিকার বহনের দায়িত্ব তার কাঁধে উঠতে পারে।







