কৃষক থেকে ইংল্যান্ডের সেরা গোলরক্ষক

সংগৃহীত ছবি
৪৩ ম্যাচ পর প্রথমবার হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। নেশনস লিগে ১০ জন নিয়েও তাদের ৩-২ গোলে হারিয়ে চমকে দেয় ইংল্যান্ড। এর অন্যতম নায়ক ইংলিশ গোলরক্ষক জেমস ট্রাফোর্ড। অসাধারণ সব সেভে স্পেনের হৃদয় ভেঙেছেন ২৪ বছরের এই গোলরক্ষক।
ফুটবলার না হয়ে ট্রাফোর্ড হতে পারতেন কৃষকও। লেক ডিস্ট্রিক্টের উত্তর কমব্রিয়ায় নিজের পারিবারিক খামারে বাবা ডেভিডকে সাহায্য করতেন তিনি। ছোটবেলায় ট্রাফোর্ড ভেড়ার যত্ন নিতেন, খামারে ভেড়ার বাচ্চা জন্ম নেওয়ার সময় সহায়তা করতেন এবং গোবরের সঙ্গে চুন মিশাতেন। পাশাপাশি খামারে করতেন কৃষিকাজও।
৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই গোলরক্ষক নিজের কৃষিকাজ নিয়ে বলেছেন ‘প্রথমবার ভেড়ার প্রসবের সময় সাহায্য করার সময় আমার বয়স ১১ বছর। আমাকে তাদের ভেতরে হাত ঢুকিয়ে টেনে বের করতে হয়েছিল। আমাকে গোবর পরিষ্কার করার কাজও করতে হতো। মাটির সঠিক অম্লতা বজায় রাখতে গোবরের সাথে চুন মেশাতে হতো। গোবরের গর্তে কাজ করাটা ছিল ভীষণ ভয়ের—তার কী দুর্গন্ধ! ফুটবলার না হলে বাবার মত খামারি ও কৃষকই হতাম আমি।’
শুরুর জীবন
ট্রাফোর্ডের বেড়ে ওঠা ককারমাউথে, ইংল্যান্ডের ক্রিকেট কিংবদন্তি বেন স্টোকসও বেড়ে উঠেছেন সেখানে। বেন স্টোকসের মতোই তিনি অল্প সময়ের জন্য ককারমাউথ স্কুলে পড়াশোনা করেছিলেন। তবে ফুটবলের স্বপ্ন পূরণে ১২ বছর বয়সে, সপ্তম শ্রেণিতে পড়ার সময় ম্যানচেস্টার সিটির যুব একাডেমিতে যোগ দেন।
খামারে কাটানো বছরগুলোতে তিনি যে কঠোর পরিশ্রমের মানসিকতা অর্জন করেছিলেন, ফুটবল ক্যারিয়ারে সেটা সাহায্য করেছে তাকে।
অ্যাক্রিংটন স্ট্যানলি আর বোল্টনে খেলেছেন ধারে। ২০২৩ সালে জিতেছেন ইএফএল ট্রফি। এরপর বার্নলি তাকে ম্যানচেস্টার সিটি থেকে ১৯ মিলিয়ন পাউন্ডে কিনে নেয়।
২০২৪ সালে ক্লাারেটসদের (বার্নলি) প্রিমিয়ার লিগে তুলতে তিনি বড় ভূমিকা রাখেন। চ্যাম্পিয়নশিপে ৪৫ ম্যাচে গোল হজম করেন মাত্র ১৬টি, যা এই লিগে কম গোল হজমের রেকর্ড।
পরের মৌসুমে বার্নলি প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে গেলেও, ট্রাফোর্ডের পারফরম্যান্স সবার নজর কাড়ে। তাই ম্যানচেস্টার সিটি ২০২৫ সালে রেকর্ড ৩১ মিলিয়ন পাউন্ড (কোনো ব্রিটিশ গোলরক্ষকের জন্য সর্বোচ্চ ট্রান্সফার ফি) দিয়ে তাকে আবার ফিরিয়ে নেয়।
সিটিতে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে মৌসুম শুরু করলেও, কোচ পেপ গার্দিওলা জিয়ানলুইজি দোন্নারুম্মাকে দলে ভেড়ানোর পর তিনি একরকম দল থেকে বাদ পড়ে যান।
মানসিক স্বাস্থ্য
ফুটবল ডেইলি-এর ‘দ্য ফুটবল ইন্টারভিউ’-এ দেওয়া সাক্ষাৎকারে ট্রাফোর্ড জানান, সিটিতে সেই সময়টা কীভাবে তার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছিল। খেলার সুযোগ না পেয়ে সিটি ছেড়ে তিনি চলে যান লিডস ইউনাইটেডে।
সাক্ষাৎকারে তিনি বলেন: “কী এক ভয়ংকর, ভয়ংকর অনুভূতি! মাঠে খেলতে না পারা। তখন আপনি অনেককে ফোন করে শুধু আপনার ক্ষোভ ঝাড়েন। আমি আমার বাবাকে ফোন করি, আমার মাকে ফোন করি, আমার জীবনসঙ্গীকে ফোন করি, আমার বন্ধুদের ফোন করি। আমি বন্ধুদের ফোন করতে পছন্দ করি এবং এই সব বিষয় নিয়ে তাদের সঙ্গে খোলামেলা কথা বলি।’
ট্রাফোর্ড আরও যোগ করেন,‘নিজের মানসিক সুস্থতার জন্য এই মৌসুমে আমাকে নিয়মিত খেলতে হতো। খেলতে না পারলে মানুষ নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হতে পারে আমি একটু আলাদা, জানি না; কিন্তু প্রতি সপ্তাহে খেলতে না পারার অনুভূতিটা ছিল ভয়াবহ। তাই সিটির মত ক্লাব ছেড়ে চলে যাই লিডসে।’
মাটিতে পা রাখা মানুষ
ফুটবলের বাইরে ট্রাফোর্ড একজন মাটির মানুষ আর বিনয়ী। সুযোগ পেলেই তিনি কমব্রিয়ায় তার পরিবারের কাছে ফিরে যান, মায়ের হাতের রোস্ট ডিনার উপভোগ করেন।
তার মাটিতে লেগে থাকা এই জীবনদর্শনের এক জলজ্যান্ত প্রমাণ হলো—সেপ্টেম্বরে ওয়েম্বলিতে থ্রি লায়ন্সদের হয়ে খেলার মাত্র দুই সপ্তাহ পর তিনি বন্ধুদের সঙ্গে ককারমাউথের মেইন স্ট্রিটের ‘ব্ল্যাক বুল’ পাবে ডার্ট খেলে ছুটির দিন উপভোগ করেছিলেন।
অতীতে বহুবার বলেছেন ফুটবলার না হলে তিনি সম্ভবত একজন কৃষক হতেন। গ্রীষ্মের ছুটিতে ভেড়ার পশম ছাড়ানো বা ট্রিপ কাটার মতো কাজে খামারে ফিরে যেতে দ্বিধা করেন না এখনও।
২০২৪ সালে ট্রাফোর্ড ও তার বাবা ডেভিড একটি ট্র্যাক্টরে চড়ে ‘ফার্মারস উইকলি’ ম্যাগাজিনে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি আলোচনা করেছিলেন কীভাবে কৃষিকাজের ব্যাকগ্রাউন্ড তাকে পেশাদার ফুটবলার হতে প্রস্তুত করেছে।
ফার্মারস উইকলিকে ট্রাফোর্ড বলেছিলেন,‘সবচেয়ে কঠিন সময়ে আপনি এই শিক্ষাগুলো কাজে লাগান। ধরুন, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে এবং আপনার একদমই কাজ করতে ইচ্ছে করছে না। প্রত্যেক কৃষকই জানেন যে আবহাওয়া যেমনই হোক, আপনাকে বাইরে যেতেই হবে। সারাদিন কাজ করতেই হবে। আপনাকে কেবল আপনার কাজটি করতে হবে আর সাধ্যমতো সেরাটা দিয়ে তা করতে হবে। আমার মা-বাবার হাড়ভাঙা খাটুনি আমি সবসময় মনে রেখেছি।’
ট্রাফোর্ড ফুটবল এবং কৃষিকাজের মধ্যে বেশ কিছু মিলও খুঁজে পান। তিনি বলেন,‘গোলরক্ষক হওয়া বেশ কঠিন। একমাত্র আপনিই দলের বাকিদের চেয়ে আলাদা রঙের জার্সি পরেন। শুধু এই কারণেই আপনি আলাদা হয়ে যান। কৃষিকাজের মতোই গোলরক্ষক হওয়াটা একটা নিঃসঙ্গ জায়গা হতে পারে। কিন্তু মাঠের পজিশন হিসেবে এটি দারুণ একটি জায়গা, কারণ এখানে আপনার মধ্যে এক ধরনের গুরুত্ববোধ থাকে এবং আপনি সবকিছুকে একসঙ্গে ধরে রাখার চেষ্টা করেন।’
পেশা বেছে নেওয়া
ট্রাফোর্ডের দাদা বিল চেয়েছিলেন তার নাতি যেন পারিবারিক কৃষিকাজের উত্তরাধিকার বজায় রাখে অথবা একজন জকি (ঘোড়দৌড়ের অশ্বচালক) হয়।
এ নিয়ে ট্রাফোর্ড সানস্পোর্টকে বলেন,‘ দাদা সবসময় বলতেন আমাকে কৃষক হতে। তবে তিনি আসলে আমাকে একজন জকি হিসেবেও দেখতে চেয়েছিলেন—কিন্তু এত লম্বা ছিলাম যে ওটা আর করা হয়নি!”
ট্রাফোর্ড এখন ইংল্যান্ডের এক নম্বর গোলরক্ষক হওয়ার জন্য জর্ডান পিকফোর্ডের সঙ্গে লড়াই করছেন। মাঠের বাইরে এই জুটির সম্পর্ক দারুণ। কিন্তু কোচ টমাস টুখেলকে বেছে নিতে হবে একজনকেই।







