ফেডারেশন কাপের একই গ্রুপে বসুন্ধরা মোহামেডান

ছবি: বাফুফে
ফেডারেশন কাপের গত আসরের দুই ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও মোহামেডানের এবার গ্রুপ পর্বেই দেখা হয়ে যাচ্ছে। শনিবার আসছে মৌসুমে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে বাফুফে ভবনে। ১৩ দল নিয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টে গ্রুপ হয়েছে দুটি। বি গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স-আপ মোহামেডান ছাড়াও রয়েছে পুলিশ এফসি, পিডব্লিউডি, আরামবাগ, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স। এ গ্রুপ হয়েছে ছয় দল নিয়ে। রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনীর সঙ্গে এই গ্রুপে আছে ফর্টিস এফসি, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ও চট্টগ্রাম সিটি।
আবাহনী সবশেষ ফেডারেশন কাপ জিতেছিল ২০২১-২২ মৌসুমে। এরপর তারা দুইবার ফাইনাল খেললেও জিততে পারেনি। ২০২২-২৩ মৌসুমে মোহামেডান এবং ২০২৪-২৫ মৌসুমে কিংসের কাছে হারতে হয় তাদের। মোহামেডান ১১ বার ফেডারেশন কাপজয়ী। অন্যদিকে কিংস জিতেছে পাঁচবার।
২২ সেপ্টেম্বর থেকে দেশের চার ভেন্যুতে শুরু হওয়ার কথা ফেডারেশন কাপের। ঢাকা জাতীয় স্টেডিয়ামে শেষ দিকের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ হবে। তবে গ্রুপ পর্বের বেশিরভাগ ম্যাচ হবে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গোপালগঞ্জে।



