শিরোপার সুবাস পাচ্ছে আর্সেনাল

২২ বছরের খরা কাটানোর আরও কাছে আর্সেনাল। ছবি: সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার সুবাস পাচ্ছে আর্সেনাল। শনিবার বার্নলিকে ১-০ গোলে হারিয়ে ২২ বছরের খরা কাটানোর আরও কাছে তারা। কাই হাভার্টজের একমাত্র গোলে জিতেছে মিকেল আর্তেতার দল।
এই জয়ে ৩৭ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মানচেস্টার সিটি। তাদের বাকি দুই ম্যাচ। সিটির সঙ্গে আর্সেনালের পয়েন্ট ব্যবধান ৫। এর অর্থ মঙ্গলবার বোর্নমাউথের কাছে সিটি পয়েন্ট হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে আর্সেনাল। আর সিটি টানা দুই ম্যাচ জিতলে আর্সেনালকেও জিততে হবে নিজেদের শেষ ম্যাচ।
এবারের লিগে প্রথম দেখায় বার্নলিকে ২-০ গোলে হারিয়েছিল আর্সেনাল। ফিরতি লেগে পোস্টে ১৩টি শট নিয়েও গোল পেয়েছে কেবল একটি। ৩৭ মিনিটে সাকার কর্নার থেকে আসা বলে লাফিয়ে নেওয়া হেডে জালে জড়ান এই জার্মান।
৩৪তম মিনিটে পেনাল্টি পেতে পারত আর্সেনাল। বক্সে লুকাস পিয়ার্স সাকার পা মাড়িয়ে দিলেও পেনাল্টি দেননি রেফারি।
৫৩তম মিনিটে এবেরেচি এজের সাইড ভলি ক্রসবারের উপরের দিকে লেগে বেরিয়ে গেলে ব্যবধান দ্বিগুণ হয়নি আর্সেনালের।
তাদের ভাগ্য ভালো ৬৭তম মিনিটে লেসলিকে গুরুতর ফাউল করেও হাভার্টজ লাল কার্ড দেখেননি। স্লাইড করতে গিয়ে তার বুটের স্টাড লেসলি উগোচুকুর বাম পায়ের কাফে আঘাত করেছিল। রেফারি শুধু হলুদ কার্ডই দেখান তখন।
এর কয়েক মিনিট পরেই মিকেল আর্তেতা তুলে নেন হাভার্টজকে। তার লাল কার্ড না দেখা নিয়ে স্কাই স্পোর্টসের ধারাভাষ্যে ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল বলেছেন,‘হাভার্টজের এটা ছিল জঘন্য ফাউল। সে বল থেকে মাইলখানেক দূরে ছিল। এটা আমার পছন্দ হয়নি। লাল কার্ড না দেখায় সে ভাগ্যবান।’




