সেই আর্জেন্টাইন রত্ন ইংল্যান্ডে

ভালেন্তিন বার্কো। ছবি : সংগৃহীত
বিশ্বকাপে খেলেছেন মাত্র একটি ম্যাচ। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ৭১ মিনিটে নামা ভালেন্তিন বার্কো অবশ্য আলোচনায় ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরের কাণ্ডে। ম্যাচ শেষে ইংলিশ ফুটবলার জুড বেলিংহাম বার্কোর মাথায় চড় দিয়েছিলেন। এবার সেই বেলিংহামের দেশের ক্লাব চেলসিতে পাড়ি জমালেন আর্জেন্টিনার তরুণ তুর্কি।
২২ বছর বয়সী এ আর্জেন্টাইনের সঙ্গে চেলসির চুক্তি সাত বছরের। চেলসিতে বার্কো কত টাকা বেতন পাবেন, সে নিয়ে অবশ্য খোলাসা করা হয়নি। এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না।
অন্যদিকে বিশ্বকাপ মাতানোর পর নতুন ক্লাবে রাজসিক অভ্যর্থনা পেয়েছেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। চিলির রাজধানী সান্তিয়াগোতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলো সমর্থকরা। বিমানবন্দরে শত শত সমর্থক জড়ো হয়ে তাকে স্বাগত জানিয়েছেন।
চিলির রেকর্ড লিগ চ্যাম্পিয়ন কোলো-কোলোর সঙ্গে ৪০ বছর বয়সী এ গোলকিপার ছয় মাসের চুক্তিতে যোগ দিতে যাচ্ছেন। চুক্তিতে আরও এক মৌসুম মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
কোলো-কোলোর প্রকাশ করা এক ভিডিওতে ভোজিনহা বলেছেন, ‘সত্যি বলতে এত মানুষ আসবে ভাবিনি। এখানে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে; কিন্তু এত মানুষের ভালোবাসা দেখে সত্যিই দারুণ লাগছে।’
আসল নাম জোসিমার হোসে এভোরা দিয়াস হলেও ফুটবলবিশ্বে তিনি ভোজিনহা নামেই পরিচিত। বিশ্বকাপের আগপর্যন্ত তিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসে খেলেছিলেন। তবে টুর্নামেন্ট শুরুর সময় তিনি ছিলেন ক্লাবহীন।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পান ভোজিনহা। টুর্নামেন্টের আগে ইনস্টাগ্রামে তার অনুসারী ছিল ৫০ হাজারেরও কম। বর্তমানে সেই সংখ্যা প্রায় ৩ কোটি ছুঁয়েছে।




