আগামীর সময়

মাঠে সুপারম্যান আকাশে পাইলট

মাঠে সুপারম্যান আকাশে পাইলট

অকল্যান্ডের আর্ডমোর অ্যারোড্রোমে বিমান অবতরণ করিয়েছেন ফিলিপস। ছবি: সংগৃহীত

কি পারেন না গ্লেন ফিলিপস? নিউজিল্যান্ডের অন্যতম সেরা বিগহিটার তিনি। ডান হাতের পাশাপাশি ব্যাট করতে পারেন বাম হাতেও। বোলিংয়ে উইকেট নেন সময়মতো। ফিল্ডার হিসেবেও অসাধারণ। মাঝে মাঝে গ্লাভস হাতে দাঁড়িয়ে যান উইকেটরক্ষক হিসেবে। ক্রিকেট মাঠে ফিলিপসের আদুরে নাম তাই ‘সুপারম্যান’।

ক্রিকেট ছাড়াও আরেকটি নেশা আছে ফিলিপসের। আকাশে বিমান উড়ানো তার নেশা। চেষ্টা করছেন বাণিজ্যিক পাইলটের লাইসেন্স পাওয়ার। এরই মধ্যে নিউজিল্যান্ডের এই তারকা পাইলট হিসেবে দেখালেন নিজের দক্ষতা।

মঙ্গলবার অকল্যান্ডের আর্ডমোর অ্যারোড্রোমে একটি হালকা বিমান সফলভাবেই অবতরণ করিয়েছেন ফিলিপস। ইনস্টাগ্রামে নিরাপদে বিমান অবতরণ করানোর একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। আর্ডমোর ফ্লাইং স্কুলে সম্প্রতি শিক্ষার্থী ও ইনস্ট্রাক্টরদের সঙ্গে মতবিনিময় করার ছবিও পোস্ট করেছেন ফিলিপস।

ক্রিকেট ক্যারিয়ার শেষে পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে ফিলিপস জানালেন,‘ক্রিকেট না খেললে আর হাতে প্রচুর টাকা থাকলে আমি হয়তো পাইলট হতাম। আমি আকাশে থাকতে পছন্দ করি। পাহাড়ে যেতেও পছন্দ করি এবং সেখানে কাজ করতে হয় না। তবে আমাকে যদি কিছু করতে হয়, তাহলে প্রথম পছন্দ হবে বিমান চালানো।’

ফিলিপস ১৭ টেস্টে করেছেন ৭৭৫ রান, ৪৭ ওয়ানডেতে ২ সেঞ্চুরিসহ ১২৬২ আর ৯৭ টি-টোয়েন্টিতে ২ সেঞ্চুরিসহ ২২৮৬ রান। তার টেস্টে উইকেট ৩৩টি, ওয়ানডেতে ১৬ আর টি-টোয়েন্টিতে ৯টি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বজুড়েই চাহিদার তুঙ্গে থাকে ফিলিপসের নাম। রাজস্থান, হায়দরাবাদের পর এবার তিনি আইপিএল খেলবেন গুজরাটে। ফিলিপস বিপিএলেও খেলেছেন রাজশাহী রয়্যালসের হয়ে।







    শেয়ার করুন: