রূপকথার প্রত্যাবর্তন
ক্যান্সারকে হারিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ম্যাডিসন

প্রাণঘাতী ক্যান্সারকে জয় করে আন্তর্জাতিক ক্রিকেট অবিশ্বাস্য প্রত্যাবর্তন করলেন নিক ম্যাডিসন। তার ফুসফুস ও লসিকা গ্রন্থিতে ক্যান্সার ছড়িয়ে পড়েছিল। দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় দেড় বছর পর অস্ট্রেলিয়া টেস্ট দলে ডাক পেলেন এই বাঁহাতি ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন প্রথম টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে তাকে রাখা হয়েছে।
গত বছরের এপ্রিল মাসে ম্যাডিসনের শরীরে টেস্টিকুলার ক্যান্সার ধরা পড়েছিল। সেটা দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। গত জুলাইয়ে তার কেমোথেরাপি শেষ হয়। চূড়ান্ত চিকিৎসা শেষ হওয়ার মাত্র আট সপ্তাহ পরেই ক্রিকেটে ফেরার সবুজ সংকেত পান। এর আগে ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি যুবরাজ সিং ক্যান্সারকে জয় করে জাতীয় দলে ফিরেছিলেন।
বিবিসি স্পোর্টস জানিয়েছে, ম্যাডিসন ক্যান্সার থেকে সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন। গত রবিবার অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি (১২৬ রান) করেন । এর আগে বিগ ব্যাশ লিগেও কয়েকটি ম্যাচ খেলেছিলেন। তবে সর্বশেষ টেস্ট খেলেছিলেন প্রায় দশ বছর আগে। ২০১৬ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার হয়ে মাত্র তিনটি টেস্ট খেলেছিলেন।
৩৪ বছর বয়সী ম্যাডিসনকে দলে নেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘নিক মিডল অর্ডারে আমাদের ব্যাটিং লাইনআপে দারুণ বৈচিত্র্য এনে দেবে।’
উল্লেখ্য, আগামী ৯ আগস্ট থেকে ডারবানে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আঙুলের ইনজুরির কারণে জশ ইংলাসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তার বিকল্প হিসেবে ম্যাডিসনের সঙ্গেই দলে ডাক পেয়েছেন আনক্যাপড উইকেটকিপার স্যাম হার্পার। ক্যান্সার জয়ের এমন নজিরবিহীন গল্প এখন ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, স্যাম হার্পার, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথিউ কুনেমান, মারনাস লাবুশেন, নাথান লায়ন, নিক ম্যাডিসন, মাইকেল নেসার, ম্যাথিউ রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বিউ ওয়েবস্টার।
দক্ষিণ আফ্রিকা দল (প্রাথমিক স্কোয়াড): টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কুস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহাম, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, সাইমন হার্মার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, আনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস এবং কাইল ভেরেইনা।





