রেফারিকে ঘুষ
বার্সেলোনার বিরুদ্ধে প্রমাণ পেশ করল রিয়াল

বহুল আলোচিত ‘নেগ্রেইরা কেলেঙ্কারি’তে নতুন মোড় এসেছে। স্প্যানিশ রেফারি কমিটির সাবেক সহ-সভাপতি হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরার কোম্পানিকে বার্সেলোনার 'ঘুষ' প্রদানের ঘটনায় উয়েফার কাছে বিপুল পরিমাণ প্রমাণাদি ও ডসিয়ার জমা দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ক্লাবটির দাবি, টুর্নামেন্টের স্বচ্ছতা ও সততা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে, এই নথিপত্রগুলো তার প্রমাণ।
২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে বার্সেলোনা কর্তৃক নেগ্রেইরার সংস্থাকে প্রদত্ত প্রায় ৮৪ লাখ ইউরো লেনদেন নিয়ে এই তদন্ত চলছে। উয়েফা জানিয়েছে, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে উল্লেখযোগ্য পরিমাণ নথিপত্র এবং প্রমাণাদি পাওয়া গেছে। সংস্থার এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি ইন্সপেক্টররা বর্তমানে চলমান পর্যালোচনার অংশ হিসেবে এই নথিগুলো যাচাই করে দেখছেন।
শুরু থেকেই বার্সেলোনা সমস্ত অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে। ক্লাবটির দাবি, ওই অর্থ রেফারিদের নিয়ে প্রযুক্তিগত ও স্কাউটিং রিপোর্ট তৈরির জন্য দেওয়া হয়েছিল। তবে রিয়াল মাদ্রিদের দাবি, প্রায় ৫০ হাজার পাতার এই ডসিয়ারে অত্যন্ত গুরুতর এবং চাঞ্চল্যকর প্রমাণ রয়েছে, যা রেফারিজ সিস্টেমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। রিয়াল মাদ্রিদ যত দ্রুত সম্ভব এই তদন্তের একটি চূড়ান্ত পরিণতি এবং কঠোর পদক্ষেপ দাবি করেছে।
অন্যদিকে উয়েফা নতুন করে কোনো তদন্ত শুরু করেনি বলে দাবি করেছে বার্সেলোনা। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সাল থেকেই এই তদন্ত চলছে। বার্সেলোনা সবসময় তদন্তে সহযোগিতা করে আসছে এবং স্পেনে বিচারাধীন আইনি প্রক্রিয়া অনুযায়ীই এর ভবিষ্যৎ নির্ধারিত হবে। এর আগে ২০২৩ সালে উয়েফার তদন্তকারীরা বার্সেলোনাকে শাস্তির মুখোমুখি না করার সিদ্ধান্ত নিয়েছিল, যার ফলে ক্লাবটি ইউরোপীয় প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিচ্ছে। তবে রিয়ালের জমা দেওয়া এসব প্রমাণ ঘটনায় নতুন মোড় এনে দিল।




