ওয়াসিম আকরাম
বাবর কি ইংল্যান্ড ছোলা বিক্রি করতে এসেছিল

পাকিস্তান ক্রিকেটের অন্দরের বিশৃঙ্খলা ও বোর্ডের নানা সিদ্ধান্ত নিয়ে সমালোচনা থামছেই না। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের পর দল থেকে হঠাৎ সাত খেলোয়াড়কে বাদ দেওয়া এবং কোচ সরফরাজ আহমেদ ও উমর গুলকে বরখাস্ত করার ঘটনায় এবার মুখ খুললেন ওয়াসিম আকরাম। অধিনায়ক বাবর আজমকে তিনি একহাত নিয়েছেন।
এসব নাটকীয়তার মাঝেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। শেষ টেস্টের আগে দল পরিবর্তন নিয়ে অধিনায়ক বাবর আজমের একটি মন্তব্য ঘিরে চটেছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। দলের ব্যাপক পরিবর্তন নিয়ে বাবর আজম বলেছিলেন, ‘বিষয়টি আমার কাছেও নতুন খবর।’ বাবরের এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে ম্যানচেস্টারে একটি চ্যারিটি ইভেন্টে ওয়াসিম আকরাম বলেন, ‘বাবর আজম বলেছে যে, সে কিছুই জানত না। সে যদি না-ই জানে, তবে সেখানে কী করছিল? সে এখানে (ইংল্যান্ডে) কি ছোলা বিক্রি করতে এসেছিল? একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে আমি বিশ্বাস করি, আপনার নেতা বা অধিনায়ক যদি আপনার পাশে না দাঁড়ায়, তবে আপনি ১০০ শতাংশ দিতে পারবেন না।’
বাবরের এই সময়ে অধিনায়কত্ব নেওয়া উচিত হয়নি বলে মনে করেন আকরাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কাউকে দোষ দিতে চাই না এবং আমি ভুলও হতে পারি। তবে আমার মতে, বাবরের অধিনায়কত্ব নেওয়া উচিত ছিল না। এই পুরো বিষয়টিই অপ্রয়োজনীয় ছিল। আমার পরামর্শ হলো, দ্বিতীয় টেস্টের পরেই বাবরের বলা উচিত ছিল যে, তিনি কেবল একজন খেলোয়াড় হিসেবে খেলবেন।’ এদিকে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের নিয়মরক্ষায়ও বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্লো ওভার-রেটের কারণে বড় শাস্তির মুখে পড়েছে দলটি। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় পাকিস্তানকে ১১টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট কাটার পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এই পয়েন্ট পেনাল্টি চলতি ডব্লিউটিসি চক্রে পাকিস্তানের অবস্থানকে আরও তলানিতে ঠেলে দিয়েছে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা পাকিস্তানের পয়েন্ট শতকরা হার পতন ঘটে এখন ৪.৬৩ শতাংশে দাঁড়িয়েছে। পাশাপাশি শেষ টেস্টের কয়েদিন আগে দলের কয়েকজনের মোবাইল ফোন জব্দের ঘটনা ঘটেছে। অনলাইন জুয়া ইস্যুতে সন্দেহের তালিকায় আছেন মোহাম্মদ রিজওয়ানের মতো সিনিয়র ক্রিকেটারও।





