মেসির ৯৩০তম গোলের ম্যাচে হৃদয় ভাঙল মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) আবারও হোঁচট খেল ইন্টার মায়ামি। ঘরের মাঠে সান ডিয়েগোর বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি গোল পেলেও শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ফ্লোরিডার দলটিকে। এই ড্রয়ের ফলে লিগ টেবিলে শীর্ষ দল ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে পড়ল মায়ামি, যেখানে তাদের আর মাত্র আটটি ম্যাচ বাকি। শেষ ৯টি লিগ ম্যাচের মধ্যে তাদের জয় মাত্র একটিতে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করলেও ১২ মিনিটে প্রথম ধাক্কা খায় স্বাগতিকরা। ডেনমার্কের ফরোয়ার্ড আন্দ্রে ড্রায়ার সান ডিয়েগোকে চমকপ্রদ এক গোল উপহার দেন। সতীর্থ জেপে কাভার্সকভের চমৎকার একটি থ্রু বল ধরে মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে চমৎকার চিপ শটে বল জালে জড়ান তিনি। তবে সেই গোল শোধ করতে বেশি সময় নেয়নি মায়ামি। ২৪ মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক বাঁকানো ফ্রি-কিকে গোল করে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। ভিড়ভাট্টা থাকা জটলার ভেতর থেকে বলটি জালে জড়ায়, যা ক্লাব ক্যারিয়ারে মেসির ১০১তম এবং সামগ্রিকভাবে তার ৯৩০তম গোল। এরপর পুরো ম্যাচ জুড়ে সান ডিয়েগোর রক্ষণভাগে প্রবল চাপ সৃষ্টি করে মায়ামি।
মেসি, লুইস সুয়ারেস এবং রদ্রিগো ডি পল বেশ কয়েকটি সুযোগ পেলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাওয়া হয়নি। অবশেষে ৭৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। ডি পলের বাড়ানো চমৎকার এক পাস ডি বক্সের প্রান্তে পেয়ে বুলেট গতির শটে স্কোরলাইন ২-১ করেন ৩৯ বছর বয়সী উরুগুইয়ান অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেস। ম্যাচের শেষ ১০ মিনিটেও মনে হচ্ছিল মায়ামি জিতে যাবে, কিন্তু নাটকের আরও বাকি ছিল। নির্ধারিত সময় শেষের ঠিক আগে আবারও মায়ামির রক্ষণকে স্তব্ধ করে দেয় সান ডিয়েগো। ম্যাচের প্রথম গোলটির কারিগর কাভার্সকভ আবারও রক্ষণভাগের ওপর দিয়ে দারুণ এক লং পাস বাড়ান ড্রায়ারের উদ্দেশ্যে। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করে দলের ড্র নিশ্চিত করেন এই ডেনিশ ফরোয়ার্ড। ম্যাচের যোগ করা সময়ে সান ডিয়েগো প্রায় জয় ছিনিয়েই নিয়েছিল, তবে কাউন্টার অ্যাটাকে কিয়ার্স সার্জেন্টের শট রুখে দিয়ে হার এড়ান গোলরক্ষক সেন্ট ক্লেয়ার।





