হৃদয়কে অভিনন্দন জানালেন তামিম

সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে আজ অবিশ্বাস্য এক ট্রিপল সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। এই ইনিংস খেলার পথে হৃদয় গড়লেন নতুন এক রেকর্ড। তামিম ইকবালকে ছাড়িয়ে তিনিই এখন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ স্কোরার। ঐতিহাসিক এই ইনিংসের পর হৃদয়কে অভিনন্দন জানিয়েছেন তামিম।
প্রথম শ্রেণির ক্রিকেটে এতদিন সর্বোচ্চ ইনিংসের মালিক ছিলেন তামিম। ২০১৯ সালে মিরপুরে বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে রেকর্ড গড়া ৩৩৪ রানের ইনিংসটি খেলেছিলেন তামিম।
৭ বছর পর সেই রেকর্ড ভাঙলেন হৃদয়। ৩৫০ রান করে তিনি ছাড়িয়ে গেছেন তামিমকে।
এক ফেসবুক পোস্টে তামিম অভিনন্দন জানিয়েছেন হৃদয়কে, ‘যেকোনো জায়গায়, যেকোনো পর্যায়ের, যেকোনো প্রেক্ষাপটে ৩৫০ রানের ইনিংস খেলতে পারা দারুণ ব্যাপার। সেই ইনিংস যদি হয় দক্ষিণ আফ্রিকায়, তাহলে সেটিকে বলতে হয় অসাধারণ। বলা হয়, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমি খুবই খুশি যে, আমার রেকর্ডটি ভেঙে গেছে।‘
হৃদয়ের এই রেকর্ড দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন বলেই জানিয়েছেন তামিম, ‘ইতিহাস গড়ার জন্য অভিনন্দন তাওহিদ হৃদয়। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩৫০ স্পর্শ করতে পারা শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারও একটি প্রতীক।‘





