এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান।
আজ বুধবার এ তথ্য জানিয়েছেন সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমান বলেন, পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
এখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে কে— জানতে চাইলে দপ্তর সম্পাদক জানালেন, সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠনের সিনিয়র সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
২০২৫ সালের ৩১ অক্টোবর এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় সভাপতি হন জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে।






