মাঠে ঢুকল দর্শক
ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেললেন বাবর

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে। ইসলামাবাদের ডায়মন্ড ক্রিকেট মাঠে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-ওয়ান টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালীন হঠাৎ সিকিউরিটি বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়া দর্শকদের কারণে মেজাজ হারিয়ে ফেলেন বাবর। এক পর্যায়ে এক দর্শকের মোবাইল ফোন ছুড়ে ফেলে দিতে দেখা যায় তাকে।
ঘটনাটি ঘটে গত বুধবার অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি (ওজিডিসিএল) এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) মধ্যকার ম্যাচে। ওজিডিসিএলের হয়ে ফিল্ডিং করার সময় হঠাৎ করেই কয়েকজন দর্শক নিরাপত্তার দেয়াল টপকে মাঠে প্রবেশ করেন এবং বাবরের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাবর এক দর্শককে ঠেলে সরিয়ে মাঠ ছেড়ে চলে যাওয়ার ইশারা করছেন। কিন্তু অপর এক দর্শক সেলফি তোলার জন্য খুব কাছে চলে এলে বাবর বিরক্ত হয়ে তার হাত থেকে মোবাইল ফোনটি নিয়ে দূরে ছুড়ে ফেলেন এবং দর্শকদের দ্রুত মাঠ ছাড়তে বলেন। দীর্ঘ সাত বছর পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন বাবর আজম। তাকে এক নজর দেখার জন্য এবং মাঠে তার উপস্থিতি দর্শকদের মধ্যে চরম উন্মাদনার সৃষ্টি করায় ম্যাচ চলাকালীন একাধিকবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে। এরপর বাবর মাত্র ২১ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সে সময় মাঠের বেশ কিছু দর্শক ঘেরাও করে তাকে ঘিরে ধরে!
পরবর্তীতে গ্রাউন্ড স্টাফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে বাবরকে নিরাপদে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনার পর ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী সময়ে দর্শকদের নিয়ন্ত্রণ করতে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ইসলামাবাদ পুলিশ মাঠের নিরাপত্তা জোরদার করে।
এর আগে খান রিসার্চ ল্যাবরেটরিজের বিপক্ষে আগের ম্যাচেও ব্যাট হাতে ১২ ও ৪ রানের বেশি করতে পারেননি বাবর। সবমিলিয়ে দীর্ঘ দিন পর ঘরোয়া ক্রিকেটে ফিরে ব্যাট হাতে বড় রান না পেলেও তার এসব কাণ্ডকারখানা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।





