কন্যার আবদার
ভোর সাড়ে ৬টায় লেখা হয় লিটনের চিরকুট

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে গতকাল সব আলো কেড়ে নিয়েছিলেন লিটন কুমার দাস। দলের মহাবিপদের সময় ক্যারিয়ারর অষ্টম সেঞ্চুরি হাঁকিয়ে পকেট থেকে চিরকুট বের করে মেয়ে আনায়রাকে জন্মদিনেরর শুভেচ্ছা জানান এই উইকেটকিপার-ব্যাটসম্যান। সেই উদযাপনের ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। দিনশেষে সংবাদ সম্মেলনেও অবধারিতভাবেই উঠে এলো উদযাপন প্রসঙ্গ।
বাংলাদেশের প্রথম ইনিংসে লিটন খেলেন ১৭৯ বলে ১২০ রানের নান্দনিক ইনিংস। প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন ৯২ রানে। গতকাল দ্বিতীয় দিন স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় তিনি মিডিয়া ম্যানেজার আবু নোমান অমিতকে ফোন করে নিজের রুমে ডেকে নেন। তাকে দিয়ে মেয়ের জন্মদিনের শুভেচ্ছাবার্তা লিখিয়ে নেন- ‘Happy Birthday My Princess. This 100 for you’। এরপর মাঠে নামার সময় সেই চিরকুট চেয়ে নেন আবু নোমানের থেকে। গ্যালারি থেকে শুরু করে বিশ্বের কোটি কোটি দর্শকের মন জয় করে নেয় লিটনের উদযাপন। দিনের খেলা শেষে মিষ্টি সেই উদযাপন নিয়ে লিটন বলেন, ‘আজকে (গতকাল) ওর তিন বছর হলো। যখনই আমি নিজের রুমে থাকি, ও সবসময় বলে, “পাপা, আমার জন্য সেঞ্চুরি চাই।” এই সেঞ্চুরি ওর জন্য। অবশ্যই ওকে মিস করি অনেক। ওর জন্মদিন তো স্পেশাল। গত রাতেই (রবিবার) আমি ভেবে রেখেছিলাম যে এটা করব এবং শেষ পর্যন্ত করেছি। (সেঞ্চুরি) না হলে ওটা এখনও আমার পকেটেই থাকত।’
মেয়েকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর পরিকল্পনা নিয়ে লিটন জানান, ‘যখন ৯২ রানে অপরাজিত ছিলাম, এবং রুমে গেলাম, তখন চিন্তা করতেছিলাম। কীভাবে তাকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। সকালবেলা আমার মনে হয়েছে যে, এরকম কোনো কিছু করা যায় কি না। মেয়ের সঙ্গে কথা হয়নি। অনেক ছোট, এত কিছু বুঝবে না। তবে এটা আমার ভেতরে ছিল এবং আমি নিজের ভেতরেই এটা রেখেছিলাম যে, যদি আমি স্পেশালি কিছু করতে পারি, তাকে উৎসর্গ করব। যেহেতু তাকে সামনে পাচ্ছি না, তার জন্য আমি কিছু করতে পারছি না, অন্তত এই সেঞ্চুরিটা উৎসর্গ করা যায়। চেষ্টা করেছি এবং সবকিছু হয়েছে।’




