জাতীয় লিগের রেকর্ড চ্যাম্পিয়ন খুলনা

ছবি: বিসিবি
জাতীয় লিগের দ্বিতীয় একাদশেও শিরোপার কাছে গিয়েছিল খুলনা বিভাগ। কিন্তু ঢাকা বিভাগের সঙ্গে পেরে ওঠেনি। দ্বিতীয় দল না পারলেও আক্ষেপ মিটিয়েছে মূল দল। জাতীয় লিগে এই আসরের চ্যাম্পিয়ন হয়েছে তারা। রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে রেকর্ড অষ্টমবার দেশের প্রথমশেণির ক্রিকেটের শ্রেষ্ঠত্ব খুলনা বিভাগের।
২০১৯-২০ মৌসুমে সর্বশেষ শিরোপা জিতেছিল খুলনা। ৮ম শিরোপা এলো তিন মৌসুম অপেক্ষার পর। ফাইনাল রাউন্ডে খুলনা-রংপুর ম্যাচটি হয়েছে সিলেটে। ম্যাচে প্রথম ইনিংসে রংপুরকে লিড দিলেও দারুণ বোলিংয়ে ম্যাচে ফিরেছিল তারা। প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে ৩৩৮ রান করে রংপুর। জবাবে ৩২২ রানে খুলনা অলআউট হয়।
দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ান খুলনার বোলাররা। সফর আলীর পাঁচ উইকেট ও মেহেদী হাসান রানার ৪ উইকেটে ১৮৪ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয় রংপুরের। এতে জয়ের জন্য শেষ দিনে খুলনার দরকার ছিল ২০১ রান।
এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিম উদ্বোধনী জুটিতেই দলকে এনে দেন ১২৩ রান। বিজয় ৬৮ বলে ৮১ রানের টি-টোয়েন্টিসুলভ ইনিংস খেলে বিদায় নিলে কালাম সিদ্দিকিকে নিয়ে জয় নিশ্চিত করেন তামিম। ১২৩ বলে ৭৮ রান করেন আজিজুল হাকিম তামিম। ৫৫ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন কালাম।
এর আগে প্রথম ইনিংসে খুলনার হয়ে সেঞ্চুরি করেন নুরুল হাসান সোহান। সফর আলী খুলনার হয়ে প্রথম ইনিংসে পান ৪ উইকেট। খুলনার শিরোপা নিশ্চিত হওয়ায় রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে আগের দিন বরিশালের বিপক্ষে ইনিংস ব্যবধানে জেতা সিলেট বিভাগকে। পয়েন্ট তালিকায় সিলেটের পাশে ৩২ আর খুলনার পয়েন্ট ৩৯।
এই আসরে শিরোপা জেতায় প্রথমবারের মতো জাতীয় লিগের জন্য বিসিবির তৈরি করা সুদৃশ্য শিল্ড হাতে উঠেছে খুলনার। প্রথমশ্রেণির ক্রিকেটকে আভিজাত্যে রূপ দিতে এই উদ্যোগ বিসিবির। দারুণ এই ট্রফির সঙ্গে মুহূর্তটি মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়রা ছবি তুলে স্মরণীয় করে রেখেছেন।



