৩২৯ রানের লিডে তৃতীয় দিন শেষ বাংলাদেশের

সংগৃহীত ছবি
আবুধাবি টেস্টের তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের পর মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩২৯ রানের লিডে আছে বাংলাদেশ।
তৃতীয় দিনের সকালটা ছিল বাংলাদেশের পেসারদের। হাসান মাহমুদের হ্যাটট্রিকসহ ইনিংসে ৫ উইকেট আর এবাদত হোসেনের ৪ উইকেট শিকারে ৪ উইকেটে ২১১ রানে দিন শুরু করা আফগানরা অলআউট হয়ে যায় ২৪০ রানে। তৃতীয় দিন সকালে ২৯ রান তুলতেই শেষ ৬ উইকেট হারায় আফগানরা। ১০৫ রানে অপরাজিত ছিলেন রহমত শাহ।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলাম ও তানজিদ হাসান তামিমের সাবধানি শুরুর পর ২২ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মোহাম্মদ সালিমের ব্রেক থ্রুর পর ইয়ামিন আহমেদজাই এর জোড়া শিকারে ৩১-০ থেকে ৫৩/৩ রানে পরিণত হয় বাংলাদেশ।
এরপর হাল ধরেন মুশফিক ও শান্ত। পদ্মা ও যমুনাপাড়ের দুই ব্যাটসম্যানের যুগলবন্দিতে মরুর বুকে রানের ফোয়ারা বাংলাদেশের। চতুর্থ উইকেটে ১৫৯ রানের জুটি গড়েন তারা। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তা পূরণ করতে পারেননি দুজনই। শান্ত আউট হন ৮২ রানে ও মুশফিক ৮১ রানে।
হাসান মাহমুদ ১ রান করে জিয়া-উর-রহমানের শিকার হন। দিনের শেষভাগে দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে স্বস্তি ফেরে আফগান শিবিরে। জিয়া ও ইয়ামিন আহমাদযাই ২টি করে উইকেট পান।



