চমক রেখে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ

সংগৃহীত ছবি
পাকিস্তানের নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের। আজ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে ৩৮ ক্রিকেটারকে নিয়ে নতুন চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
লাহোরে এক সংবাদ সম্মেলনে নতুন এই চুক্তির তালিকা ঘোষণা করেন পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ মাইক হেসন ও পিসিবির হাই পারফরম্যান্স পরিচালক আকিব জাভেদ।
এবার ‘এ, বি, সি’ ক্যাটাগরির বদলে সংস্করণভিত্তিক নতুন কাঠামোয় চুক্তি সাজিয়েছে পিসিবি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- এই তিন সংস্করণের আলাদা ও যৌথ ক্যাটাগরির পাশাপাশি রাখা হয়েছে ‘ডেভেলপমেন্ট’ ক্যাটাগরি।
সংবাদ সম্মেলনে আকিব জানান, তিন সংস্করণের যেকোনো একটিতে বর্তমানে নিয়মিত খেলছেন, এমন ক্রিকেটারদেরই কেন্দ্রীয় চুক্তিতে বিবেচনা করা হয়েছে। খেলোয়াড়রা যেন নিজ নিজ সংস্করণে পূর্ণ মনোযোগ দিতে পারেন, সে লক্ষ্যেই এই নতুন কাঠামো।
তিনি আরও বলেন, নির্দিষ্ট কোনো সংস্করণের চুক্তিতে থাকার অর্থ এই নয় যে, সেই ক্রিকেটার অন্য সংস্করণে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না।
সাবেক অধিনায়ক রিজওয়ানের ভবিষ্যৎ নিয়ে পিসিবির হাই পারফরম্যান্স পরিচালক বলেন, প্রয়োজন হলে রিজওয়ানকে অবশ্যই জাতীয় দলে ডাকা হবে। কেন্দ্রীয় চুক্তির সঙ্গে দল নির্বাচনের কোনো সরাসরি সম্পর্ক নেই বলেও জোর দেন তিনি।
নতুন চুক্তিতে টেস্ট ও ওয়ানডে, দুই সংস্করণেই জায়গা পেয়েছেন বাবর আজম ও সালমান আলী আগা। শুধু টেস্টের চুক্তিতে আছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণের চুক্তিতে রয়েছেন আব্রার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে শুধু টি-টোয়েন্টি সংস্করণের চুক্তিতে জায়গা পেয়েছেন হাসান নওয়াজ, মাআজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।
অন্যদিকে তরুণ ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে ‘ডেভেলপমেন্ট’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ১৯ জনকে। এই তালিকায় রয়েছেন আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তায়্যব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রন্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম ও উবাইদ শাহ।
২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে পিসিবির এই কেন্দ্রীয় চুক্তি।



