২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন করতে চান তামিম

ইন্দোনেশিয়ার বালিতে হয়ে যাওয়া আইসিসির বোর্ড সভা শেষে জানানো হয়েছে ২০৩৫ সাল পর্যন্ত প্রধান আইসিসি ইভেন্টগুলোর আয়োজক দেশের নাম ও সম্ভাব্য সময়সূচি। ২০৩১ সালের ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর, এই সময়ে ভারত ও বাংলাদেশ মিলে আয়োজন করবে ওয়ানডে বিশ্বকাপ। গতকাল রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ২০৩১ বিশ্বকাপের একটা সেমিফাইনাল বাংলাদেশে আয়োজন করার চেষ্টা করছেন তিনি।
আইসিসির সভায় বাংলাদেশের বড় প্রাপ্তি হিসেবে তামিম দেখছেন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পুরুষ ক্রিকেটের বাছাই পর্ব আয়োজক হওয়াকে। গতকাল সংবাদ সম্মেলনে তামিম বললেন, ‘প্রথমবারের মতো অলিম্পিকে ক্রিকেট থাকছে এবং সেখানে ছয়টি দল খেলবে, পাঁচটি দল এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে, আর একটা দল বাছাই করা হবে। এই বাছাই পর্বটি কোথায় হবে, সেটি নিয়ে একটা আলোচনা ছিল। তিন-চার মাস ধরেই আমি এটা নিয়ে খুব চেষ্টা করছিলাম, যেন আমরা এই বাছাই পর্বটা আয়োজন করতে পারি। এখন আমরা গর্ব করে বলতে পারি যে, বাছাই পর্ব বাংলাদেশে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা খুব বড় একটা অর্জন।’ এর বাইরে আইসিসি সভার নিয়মিত বিষয়াদির পাশাপাশি শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে এশিয়া কাপের আগে বাংলাদেশে একটা ত্রিদেশীয় সিরিজ খেলতে দুই দেশকে রাজি করিয়েছেন তামিম, ‘আমি একটা প্রস্তাব দিয়েছি শ্রীলঙ্কা আর পাকিস্তানকে যে আমরা একটা ত্রিদেশীয় সিরিজ খেলতে পারি কি না। দুই বোর্ড থেকে খুবই ইতিবাচক উত্তর পেয়েছি। এশিয়া কাপের ঠিক আগে আগে যদি আমরা এই ত্রিদেশীয় সিরিজটা করতে পারি, এটা আমাদের ক্রিকেটের জন্যও ভালো হবে, আর একটু রোমাঞ্চকরও হবে।’
একই সঙ্গে তামিম জানিয়েছেন, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের একটা সেমিফাইনাল যদি বাংলাদেশে আয়োজন করা সম্ভব হয়, সেই আলোচনাও করে এসেছেন আইসিসি বোর্ড সভায়, ‘২০৩১-এর ওয়ানডে বিশ্বকাপ যেটা আগেই ঘোষণা করা হয়েছে যে, বাংলাদেশ ও ভারত মিলে আয়োজন করবে। এই সিদ্ধান্তটা বেশ আগের, আমার বোর্ড বা আমার এখানে কোনো অবদান নেই। তবে আমি তাদের (আইসিসি বোর্ড) বোঝানোর চেষ্টা করেছি যে, আমাদের এখানে একটা সেমিফাইনাল হোক। আমি আশাবাদী, এ রকম কিছু একটা হবে।’ ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তান যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা খেলতে একে অন্যের দেশে যাবে না, সেক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে।
জাতীয় দলের কোচ হিসেবে ফিল সিমন্সের পারফরম্যান্স নিয়ে তামিম বললেন, ‘আমার নিজস্ব মতামত নিশ্চয়ই আছে, আমি নিশ্চিত সামনে আপনারা অনেক কিছুই দেখবেন। এই মুহূর্তে একটা সিরিজ চলছে, আমাকে সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বাংলাদেশ দল আরেকটি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে, এরপর ওয়ানডে এবং টি–টোয়েন্টি খেলবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আপনারা জানবেন।’



