সিপিএল
ব্যাটে-বলে ব্যর্থ মিরাজ, কোয়ালিফায়ারে হারল গায়ানা

সংগৃহীত ছবি
গ্রুপ পর্বজুড়ে দারুণ পারফর্ম করেছেন তিনি। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে ব্যাটে-বলে ব্যর্থ মেহেদি হাসান মিরাজ, ব্যর্থ তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সও। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে গায়ানা। তবে লিগ পর্বের শীর্ষস্থান ধরে রাখায় সরাসরি ফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে টিকে আছে মিরাজরা।
বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে কখনোই সুবিধা করতে পারেনি গায়ানা। গ্লেন ফিলিপস ও শাই হোপের ১৬ রান ছিল দলের পক্ষে সর্বোচ্চ। রোমারিও শেফার্ড অপরাজিত থাকেন ১৪ রানে। ১৫ ওভারে শেষে ৭৬ রানে অলআউট হয় গায়ানা। শাদাব খান ও সুফিয়ান মোকিম নেন ৪টি করে উইকেট।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে হতাশ করেন মিরাজ। পাকিস্তানি স্পিনার শাদাব খানের বলে এলবিডব্লিউ হয়ে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন বাংলাদেশের অলরাউন্ডার।
জবাব দিতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অ্যান্টিগা, তাও মাত্র ৫.২ ওভারে। রাহকিম কর্নওয়াল মাত্র ১৬ বলে করেন ৪৯ রান, হাঁকান তিনটি চার ও ছয়টি ছক্কা। এভিন লুইস ১৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। ৪ রান আসে আরেক অপরাজিত ব্যাটার আমির জাঙ্গুর ব্যাট থেকে।
মিরাজ বল করেছেন মাত্র ১.২ ওভার। কোন উইকেট না পেয়ে রান দিয়েছেন ১০।
ফাইনালে ওঠার জন্য গায়ানা অবশ্য আরও একটি সুযোগ পাবে। এলিমিনেটর জিতে আসা জ্যামাইকা কিংসম্যানের বিপক্ষে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।



