আইজিসিসির ‘নজরুল সন্ধ্যা’

ছবি: আগামীর সময়
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ছায়ানট মিলনায়তনে ‘নজরুল সন্ধ্যা’ আয়োজন করেছে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)। অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যে নজরুলের অনবদ্য অবদানকে সংগীত, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, নজরুল ছিলেন অসাম্প্রদায়িকতা ও সাম্যবাদের কবি। ২০২৬ সালকে বাংলাদেশ সরকার ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে উল্লেখ করে তিনি কবির জীবন ও সাহিত্যকর্ম চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, কাজী নজরুল ইসলাম প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি দুই দেশের অভিন্ন ঐতিহ্যের একটি শক্তিশালী ‘সেতু’ উল্লেখ করে হাইকমিশনার কবি নজরুলের আদর্শে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
সাংস্কৃতিক সন্ধ্যায় নজরুলসংগীত পরিবেশন করেন একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। কবিতা আবৃত্তি করে শোনান বাচিক শিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। এ ছাড়া সামিনা হোসেন প্রেমের পরিচালনায় ‘ভাবনা’ নৃত্য দলের পরিবেশনায় মঞ্চায়িত হয় মণিপুরি নৃত্য।



