শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর জাহাজ
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে চীনা নৌবাহিনীর দুই জাহাজ। এগুলো হলো- থাং শান ও দা ছিং।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
নৌবাহিনীর চট্টগ্রাম নৌ-অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।
চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও সেখানে ছিলেন।
এর আগে চীনা জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকারী জাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধিদল নৌবাহিনীর চট্টগ্রাম নৌ-অঞ্চলের অধিনায়ক, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ ছাড়া চীনা জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি, চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন।
শুভেচ্ছা সফর শেষে জাহাজগুলো ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ছেড়ে যাবে।



