ব্যাটে-বলে বিধ্বংসী সাকিব জেতালেন দলকে

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) স্বরূপে দেখা দিলেন সাকিব আল হাসান। তার অল-রাউন্ড পারফরম্যান্সে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ২১ রানের জয় তুলে নিয়েছে জাফানা কিংস। ব্যাট হাতে অপরাজিত ২২ রানের সঙ্গে বল হাতে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ অল-রাউন্ডার।
বৃহস্পতিবার পাল্লেকেলেতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২২১ রানের পাহাড় গড়ে জাফানা কিংস। ২৬ বলে ৪৯ রান করেন ওপেনার কামিল মিশ্র। সাকিবের ব্যাট থেকে আসে ১৬ বলে ১ চার ১ ছক্কায় অপরাজিত ২২ রানের ইনিংস। এছাড়া বাংলাদেশের আরেক ব্যাটার তাওহিদ হৃদয়ও চার নম্বরে নেমে ১৬ বলে ২১ রান করেন। ম্যাচসেরা চামিন্দু বিক্রমাসিংহে করেন ১৫ বলে ৪৩।
ইনিংসের চতুর্থ ওভারেই সাকিবকে বোলিংয়ে আনেন জাফানা অধিনায়ক ভানুকা রাজাপাক্ষে। নিজের করা প্রথম ওভারেই তিনি ফেরান ক্যান্ডি ওপেনার লাহিরু ইগালাগামাগেকে। এরপর নিজের দ্বিতীয় ওভারে আউট করেন তিন নম্বরে নামা কুশল পেরেরাকে। নিজ স্পেলের শেষ বলে তুলে নেন ক্যান্ডি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেট। ওই ওভারে হাসারাঙ্গা তাকে তিনটি ছক্কাও মারেন। ২০০ রানে থেমে যায় ক্যান্ডির ইনিংস।
৪ ওভারে ৩ উইকেট শিকার করতে সাকিব খরচ করেছেন অবশ্য ৪৩ রান। খরুচে হলেও এলপিএলে এটা তার সেরা বোলিং ফিগার। এই টি-টোয়েন্টি লিগে তার আগের সেরা বোলিং ছিল ২০২৩ আসরে ১০ রানে ২ উইকেট। চলতি আসরের প্রথম ম্যাচেও তিনি ১২ রানে ২ উইকেট নিয়েছিলেন। এছাড়া আগের ৫ ম্যাচে দুইবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে একটিতে করেছেন অপরাজিত ১০, আরেক ম্যাচে আউট হয়েছেন প্রথম বলে।





