জ্বরের কারণে জাপান থেকে ফিরে আসছেন নাজমুল

সংগৃহীত ছবি
মঙ্গলবার জাপান থেকে দেশে ফিরে আসছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। এশিয়ান গেমসের ক্রিকেট দলের অংশ হয়ে জাপান গিয়েছিলেন শান্ত, যাবার পর থেকেই জাপানের জল-হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে তার। নাগোয়া আসার পর থেকেই জ্বরে ভুগছেন। এমনকি হাসপাতালেও থাকতে হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে। জানা গেছে, খাবার নিয়েও হচ্ছে নানা সমস্যা। সব মিলিয়ে ভালো বোধ করছেন না তিনি। তাই এশিয়ান গেমস অভিযানের শুরুর দিনই অসুস্থ নাজমুলকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুপক্ষের চিকিৎসকদের পরামর্শেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ।
বাংলাদেশ বহরে জ্বরের প্রাদুর্ভাব নিয়মিতই হচ্ছে। জ্বরের কারণে এক সাইক্লিস্ট খেলায় অংশ নিতে পারেননি। দুই নারী আরচার জ্বর নিয়ে অংশ নেন নিজ নিজ ইভেন্টে। যে কারণে নিজেদের স্বাভাবিক পারফরম্যান্সও করতে পারেননি। এবার জ্বর আঘাত হানল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলে। নাজমুলকে ছাড়াই স্বর্ণপদক জয়ের অভিযান আগামীকাল মঙ্গলবার শুরু করবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া। যদিও সে ম্যাচ বৃষ্টিতে বাতিল হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। গেল দুদিন ধরেই বিরামহীন বৃষ্টি ঝরছে নাগোয়ায়।
এশিয়ান গেমসে বাংলাদেশের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন, 'শান্তর অনেক জ্বর। তাকে নাগোয়ায় হাসপাতালে নেওয়া হয়েছিল। তার বিশ্রাম প্রয়োজন এবং খেলার মতো অবস্থায় নেই। তাই তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ ইসলাম বলেছেন, 'ওনার (নাজমুল) নাগোয়ায় নামার সময়ই জ্বর ছিল। আমরা বেশ পরীক্ষা করে নিশ্চিত হতে চেয়েছি। ডেঙ্গু, কভিড নেগেটিভ এসেছে। তবে রক্তে কিছু ইনফেকশন রয়েছে। অনেক দুর্বল হয়ে পড়েছে। তার পক্ষে এশিয়ান গেমসে খেলা শুরু হলে অংশগ্রহণ করা সম্ভব নয়, তাই তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে', সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।
অসুস্থ শরীরে একা নাজমুল দেশে ফিরতে পারবেন কি না, এ প্রশ্নের জবাবে দলের ম্যানেজার নাফিস ইকবাল বললেন, 'এত গুরুতর অসুস্থ নয় যে একা দেশে ফিরতে পারবে না। তার পরিবর্তে অন্য খেলোয়াড় আসবে কি না, সেই সিদ্ধান্ত এখনো হয়নি।'
চাইলেই যে কাউকে নাজমুলের বিকল্প করে উড়িয়ে আনার সুযোগ নেই বিসিবির সামনে। প্রাথমিক তালিকা থেকে কাউকে বিকল্প হিসেবে চেয়ে বিওএ মারফত আবেদন করার সুযোগ আছে।
এ ব্যাপারে বাংলাদেশের শেফ দ্য মিশন বলেছেন, 'দীর্ঘ তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে থেকে চাইলে ক্রিকেট বোর্ড খেলোয়াড় আনতে পারে।'



