নাজমুল হোসেন শান্ত
আমার অনেক বিশ্বাস আফ্রিকায় ভালো করব

ফাইল ছবি
ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে ব্যর্থতায় ভরা সিরিজের পর সপ্তাহ না ঘুরতেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। রবিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে খেলা। জোহানেসবার্গের বিখ্যাত ওয়ান্ডারার্স স্টেডিয়ামে নামার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভালো পারফর্ম্যান্স উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন।
পরিসংখ্যান বলছে, দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে আটটি টেস্ট খেলে প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। তাছাড়া সদ্যই অস্ট্রেলিয়াকে চুরমার করে দিয়েছে টেম্বা বাভুমার দল। তবে এসব পরিসংখ্যান নিয়ে না ভেবে আসন্ন সিরিজে দারুণ কিছু করার ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী বাংলাদেশের টেস্ট অধিনায়ক। আজ শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমার তো অনেক বিশ্বাস (ভালো করব)। আসলে বিশ্বাস না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। পুরো দল বিশ্বাস করে যে, এখানে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’
গত আগস্টে অস্ট্রেলিয়ার ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর হুট করেই ছন্দপতন হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে পরাজয়, আফগানিস্তানের বিপক্ষে ড্রয়ের পর ঘরের মাঠে উইন্ডিজের কাছে সিরিজ হার- সব মিলিয়ে মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের সময়। তবে পেছনের এসব ব্যর্থতা দলকে গ্রাস করতে দেয়নি বলে জানালেন শান্ত।
দলের মানসিক অবস্থা নিয়ে অধিনায়ক বলেন, ‘মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। হ্যাঁ, গত দুই-তিনটা ম্যাচ ভালো যায়নি, এটা সত্যি। তবে এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা না করে সামনে কীভাবে ভালো করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। কোন কোন জায়গায় ভুল করেছি, কোন কোন জায়গায় আরেকটু ভালো করতে পারতাম, এগুলা নিয়ে আলোচনা ছিল।’
২০২২ সালে তামিম ইকবালের নেতৃত্বে প্রোটিয়াদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতি এবার টেস্ট সিরিজে অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করেন শান্ত, ‘এর আগে দক্ষিণ আফ্রিকাতে এসে ওয়ানডে সিরিজ জিতেছি। এটা আত্মবিশ্বাস দেবে। একটা উদাহরণ আমাদের সামনে আছে যে, এখানেও ভালো খেলা সম্ভব, ম্যাচ জেতা সম্ভব। তবে দিন শেষে সেরাটা খেলতে হবে। আমরা যে পরিকল্পনা করেছি, সেগুলো বাস্তবায়ন করতে হবে।’
ওয়ান্ডারার্সের পেস সহায়ক কন্ডিশনে বোলিং পরিকল্পনা নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘কন্ডিশনটা দেখার এখনও সুযোগ হয়নি। তবে এখানে অবশ্যই পেসারদের একটু সাহায্য থাকবেই। সো ওইটাই আশা করছি। পাশাপাশি আমাদের স্পিনাররাও এই ধরনের কন্ডিশনে বোলিং করে অভ্যস্ত। তাই আমার মনে হয়, পেস বোলারদের দায়িত্বটা একটু বেশি থাকবে। পাশাপাশি স্পিনাররা যদি সহযোগিতা করতে পারে, তাহলে ভালো একটা ম্যাচ আমরা খেলতে পারব।’
পাশাপাশি ব্যাটারদের বড় ইনিংস গড়ার তাগিদও দিয়ে রেখেছেন শান্ত, ‘এ ধরনের কন্ডিশনে পুরো ব্যাটিং ইউনিটের পারফর্ম করা খুব জরুরি। বিশেষত যারা সেট হবে উইকেটে, তাদের লম্বা ইনিংস খেলাটা গুরুত্বপূর্ণ। এইখানে যদি আমরা বিশেষত প্রথম ইনিংসে একটা বড় সংগ্রহ দাঁড় করাতে পারি, তাহলে আমাদের যে বোলিং আক্রমণ আছে, আমরা খুব ভালোভাবে লড়াই করতে পারব।’





