বিতর্কের মুখেও অধিনায়কত্ব ধরে রাখলেন কামিন্স

সংগৃহীত ছবি
৮ বছর আগের সেই স্যান্ডপেপার কেলেঙ্কারি নতুনভাবে জন্ম দিয়েছিল বিতর্কের। উসমান খাজার আত্মজীবনীর সেই বিস্ফোরক মন্তব্যের জবাব দীর্ঘ এক সংবাদ সম্মেলনে দিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। আর এতেই কামিন্সের অধিনায়কত্বের ভবিষ্যৎ শঙ্কায় ছিল। তবে ক্রিকেট বোর্ডের পূর্ণ সমর্থন পেলেন কামিন্স, দুই ফরম্যাটেই তাই ধরে রাখছেন নেতৃত্ব।
গতকাল সিডনিতে কামিন্সের সঙ্গে বৈঠক করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। বৈঠক শেষে কামিন্স জানান, চলমান পরিস্থিতিতে এই আলোচনা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল।
আজ কামিন্স অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে অস্ট্রেলিয়ার দুই ফরম্যাটের এই অধিনায়ক বলেছেন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া অনেক বড় দায়িত্বের বিষয়। আমি কখনোই এই দায়িত্বকে হালকাভাবে নিইনি, ভবিষ্যতেও নেব না। এই কঠিন পরিস্থিতিতে ক্রিকেট পরিচালনা করা ডেভিড ও টডের জন্য বেশ চ্যালেঞ্জিং। তারা আমার পাশাপাশি ২০১৮ সালের সফরে থাকা অনেক খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। এজন্য তাদের প্রশংসা করি।’
চলমান বিতর্কের সমাধানে সম্প্রতি সিএ স্বাধীন ফোরাম গঠন করে সবার বক্তব্য শোনার কথা ঘোষণা দিয়েছিল। সেই ফোরামে অংশ নেওয়ার কথা জানিয়ে কামিন্স বলছেন, ‘আমি এই ফোরামকে শতভাগ সমর্থন করি। সেখানে আমি উপস্থিত থাকব। যেসব খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, তারাও নিজেদের বক্তব্য তুলে ধরতে সেখানে যেতে আগ্রহী। অনেক কঠিন আলোচনা হবে। তবে এই মুহূর্তে সেটাই প্রয়োজন। এছাড়া এখন থেকে পার্থে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়াই আমার মনোযোগ ও অগ্রাধিকারের বিষয়।’
২০২১ সালে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব পান কামিন্স। তার অধীনেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। কামিন্সসহ স্যান্ডপেপার-কাণ্ডে ক্ষতিগ্রস্ত সবার প্রতি উদ্বেগ প্রকাশ করে বুন জানান, ‘প্যাটের প্রতি আমাদের সমর্থনের কথা জানিয়েছি। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনায় প্রভাবিত প্রত্যেকের প্রতিও আমাদের উদ্বেগ রয়েছে। সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি। গত আট বছরে প্যাট ও দলের অন্য নেতারা যে দলীয় সংস্কৃতি গড়ে তুলেছেন, তা নিয়ে আমরা গর্বিত। প্যাটের সততা প্রশ্নবিদ্ধ হয়েছে– এমন যেকোনো ইঙ্গিত আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি।’



