বৃষ্টির বাধা পেরিয়ে বড় সংগ্রহ আফগানদের

সংগৃহীত ছবি
প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতেও দিয়েছে বাধা। ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে আয়ারল্যান্ডকে ৩০০ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরানের দারুণ ব্যাটিং ও শেষ মুহূর্তে আজমাতুল্লাহ ওমরজাই ও হাশমাতুল্লাহ শাহীদীর ঝড়ো ইনিংসের সুবাদে শক্ত অবস্থানে পৌঁছায় সফরকারীরা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। রহমানুল্লাহ গুরবাজের আক্রমণাত্মক ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় আফগানরা। গুরবাজ ৩২ রান করে আউট হওয়ার পর সাদিকুল্লাহ আতালকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১১৬ রানের জুটি গড়েন ইব্রাহিম। আতাল আউট হন ৪৫ রানে। এরপর রহমত শাহকে নিয়ে ৪৩ রান যুক্ত করার পর বিদায় নেন ইব্রাহিম। ৮ চার ও ২ ছয়ের সাহায্যে ৮৪ রান করেন এই ওপেনার।
রহমতও ৩০ রান করে বিদায় নিলে দলের হাল ধরেন ওমরজাই। তার ২৪ বলে ৩৩ রান বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরই দ্রুত রান সংগ্রহ করতে গিয়ে উইকেট হারাতে থাকে রশিদ খানের দল। তবে ক্রিজে থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন হাশমাতুল্লাহ। মাত্র ২১ বল খেলে ৩৬ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৯৯ রানে থামে আফগানিস্তান।
আয়ারল্যান্ডের সেরা বোলিং ফিগার মার্ক অ্যাডায়ারের। ১০ ওভার বল করে ৪০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন এই পেসার। জয় মুন্দ্রা ২ উইকেট নিলেও ৭৮ রান দিয়ে খরুচে বোলিং করেন। গেভিন হোই, কার্টিস ক্যাম্ফার ও হ্যারি টেক্টর ১টি করে উইকেট পান।




