নারী ক্রিকেট
কোচেরা চাকরি বাঁচাতে খেলোয়াড়দের তোষামোদ করে

এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ সারওয়ার ইমরানের মেয়াদ বৃদ্ধি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় ডেভিড হেম্পকে নারী দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন ইমরান। এবার ‘ক্রিকবাজ’-কে দেওয়া সাক্ষাৎকারে বললেন, খেলোয়াড়দের কমফোর্ট জোন থেকে বের করার চেষ্টা করাই তার জন্য কাল হয়েছে।
বিসিবি সূত্রের খবর, সারওয়ার ইমরানের আচরণ ও মেজাজ নিয়ে বোর্ডের কাছে অভিযোগ করেছিলেন একাধিক সিনিয়র ক্রিকেটার। কিন্তু এই বর্ষীয়ান কোচ মঙ্গলবার একটি টিভি চ্যানেলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি পেশাদারিত্বের সঙ্গেই নিজের দায়িত্ব পালন করেছেন এবং নারী দলের উন্নতি না হওয়ার নেপথ্যে রয়েছে কোচিং স্টাফদের তোষামোদ করার প্রবণতা ও খেলোয়াড়দের চরম ফিটনেস ঘাটতি।
আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে কোচের পদ থেকে সরানোর বিষয়ে সারওয়ার ইমরান বলেন, ‘এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর বিসিবি আমার সঙ্গে কোনো যোগাযোগই করেনি। আমাকে শুধু একটি চিঠি দেওয়া হয়, যেখানে বলা হয়েছিল যে আমি অস্ট্রেলিয়া সফরে যাচ্ছি না, অন্য এক কোচ যাবেন। বিসিবির সঙ্গে আমার যোগাযোগ কেবল এতটুকুই ছিল।’
নারী দলের অভ্যন্তরীণ পরিবেশ এবং কোচিং স্টাফদের তোষামোদ করার সংস্কৃতি নিয়ে সারওয়ার ইমরান বলেন, ‘উগ্র মেজাজের কথা যদি বলেন, আমি যখন নারী দলে যোগ দেই, তখন দেখেছিলাম স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ, ট্রেনার, ফিজিও—সবাই অত্যন্ত চুপচাপ। নারী ক্রিকেটাররা যা বলে তারা সেটাই শোনেন। এই কমফোর্ট জোনে থেকে দলের উন্নতি হতে পারে না। এই কারণেই আমাদের দল পাঁচ বছর আগে যেখানে ছিল, এখনও সেখানেই পড়ে রয়েছে।’
দলে শৃঙ্খলা ও কঠোর অনুশীলনের অভাব তুলে ধরে তিনি আরও যোগ করেন, ‘একজন স্পিনার ৩০টা বল করার পর কোচকে বলে সে আর বল করবে না। আর কোচও তাতে রাজি হয়ে যান। এক বা দুজন ব্যাটার সারাদিন ধরে ব্যাট করতে থাকে। এসব দেখার পর আমি হস্তক্ষেপ করা শুরু করি। আমি তাদের ফিটনেস নিয়েও কথা বলেছি। যখন বকা দেওয়ার প্রয়োজন ছিল, আমি বকেছি। এটাকে যদি উগ্র মেজাজ বলা হয়, তবে আমি বলব এভাবে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি সম্ভব নয়।’
সহকারী ও বিদেশী কোচদের বিরুদ্ধে তোপ দাগিয়ে সারওয়ার বলেন, ‘আমার মনে হয় যারা নারী ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন, তারা নিজেদের মানিয়ে নিয়েছেন। তবে কমফোর্ট জোনে থাকলে নারী ক্রিকেটারদের কোনো উন্নতি হবে না। বিদেশী কোচরাও একই কাজ করেছেন বলে আমার মনে হয়। চুপ থেকে এবং মেনে নিয়েই কোচেরা তাদের চাকরি নিশ্চিত করেন।’
খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের দূরত্ব বজায় রাখা নিয়ে নিজের স্পষ্ট অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার নিজস্ব মর্যাদা আছে, নিজের ক্ষমতা সম্পর্কে আমি সচেতন এবং লোক দেখানোর জন্য কাজ করি না। যদি কেউ বলে আমি উগ্র মেজাজের, তবে সেটা ভুল। কোচের দায়িত্বে থাকাকালে আমি উগ্র নই, কারণ আমি একজন পেশাদার এবং জানি কী করতে হবে। একজন কোচ কখনও খেলোয়াড়ের বন্ধু হতে পারে না। কারণ আমি যদি খেলোয়াড়ের বন্ধু হয়ে যাই, তবে তাকে দল থেকে বাদ দিতে পারব না। আমি তাদের কোচ, বন্ধু নই।’
দলের ফিটনেস লেভেল আন্তর্জাতিক মানের বহুদূরে দাবি করে সারওয়ার ইমরান বলেন, ‘প্রথম একাদশের অর্ধেকেরও বেশি ক্রিকেটারের প্রয়োজনীয় ফিটনেস নেই। অধিকাংশেরই ফিটনেস গড়পড়তার নিচে, কয়েকজনের মাঝারি আর মাত্র এক-দুজন ক্রিকেটারের মানসম্পন্ন ফিটনেস রয়েছে। ফিটনেস একটি বড় সমস্যা। ফিটনেস টেস্ট করা হলে আন্তর্জাতিক মানের ফিটনেসের সঙ্গে কতজন টিকে থাকে, তা ট্রেনারই ভালো বলতে পারবেন। শুধু ৩০টি বল করেই যদি কেউ মনে করে তারা বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যাবে, তবে তা কখনও সম্ভব নয়।’







