শ্রীলঙ্কা কোচ
বাংলাদেশের মিডিয়া আমার মুখপাতলা স্ত্রীর মতো

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ঠিক আগে সংবাদ সম্মেলনে এসে চটুল রসিকতায় মেতে উঠলেন শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলের কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি। বাংলাদেশের সাংবাদিকদের তথ্য পাওয়ার গোপনীয়তা ও কৌতূহলী স্বভাবকে বোঝাতে গিয়ে নিজের ‘মুখপাতলা’ স্ত্রীর পরিবারের সঙ্গে এ দেশের সংবাদমাধ্যমের তুলনা টেনেছেন তিনি।
কিংস অ্যারেনার অনুশীলন মাঠে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা দেরিতে উপস্থিত হয়ে সাংবাদিকদের মাত্র তিনটি প্রশ্ন করার শর্ত জুড়ে দেন লঙ্কান কোচ। তবে সেই তিন প্রশ্নের উত্তর দিতে গিয়েই প্রায় ১২ মিনিট ধরে কখনো প্রতিপক্ষকে খোঁচা, কখনো তীব্র রসিকতা আবার কখনো দক্ষিণ এশীয় ফুটবল নিয়ে নিজের সিরিয়াস ভাবনার কথা তুলে ধরেন মুতাইরি।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এসে বাংলাদেশের সাংবাদিকরা অস্কার ব্রুজন, হাভিয়ের কাবরেরা কিংবা টমাস ডুলির মতো কোচদের বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে জানতে চান। তখনই শ্রীলঙ্কার কোচ এদেশের মিডিয়াকে খোঁচা মেরে বলেন, ‘আমি যদি আমার স্ত্রীকে বলি কোনো কথা গোপন রাখতে হবে, তাহলে তার অর্থ দাঁড়ায় তার পরিবারের সবাই সেই কথা জেনে যাবে। বাংলাদেশের সংবাদমাধ্যমও ঠিক সে রকম। এখানে কোনো কিছুই গোপন থাকে না।’
তথ্য ফাঁসের এই প্রবণতার প্রসঙ্গ টেনে বাংলাদেশ দলের ভেতরের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করেন মুতাইরি। তিনি দাবি করেন, প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করতে চাইলে তিনি বাংলাদেশের কোচের এমন সব মন্তব্য সামনে আনতে পারতেন, যেখানে বলা হয়েছিল—হামজা চৌধুরী অধিনায়ক হওয়ার মতো চাপ সামলাতে পারেন না। তার কাছে নাকি এমন মন্তব্যের স্ক্রিনশটও সুরক্ষিত রয়েছে!
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ক্রিকেটীয় লড়াইয়ে ‘নাগিন নাচ’ খুব বিখ্যাত। তবে ফুটবলে ক্রিকেটের এই শরীরী ভাষা টেনে আনার বিরোধী মুতাইরি। তাছাড়া তিনি ম্যাচ জিতে প্রতিপক্ষকে অসম্মান করে কিছু উদযাপন করতে চান না। তবে নিজের স্বভাবসুলভ রসিকতায় তিনি বলেন, ‘আমরা ফুটবল খেলি, ক্রিকেট নয়। ফুটবলের কাজ ভালোবাসা ছড়ানো। তবে একটা কথা বলে রাখি—কাল যদি আমরা জিতে যাই, আমি কিন্তু অক্ষয় কুমারের মতো নাচতে পারি। সুতরাং সাবধান থাকবেন!’
গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় ছাড়া শ্রীলঙ্কার সামনে আর কোনো রাস্তা খোলা নেই বলে স্পষ্ট জানিয়ে দেন লঙ্কান কোচ। তাঁর ফুটবল দর্শন পরিষ্কার—‘জয় ছিনিয়ে নাও, নয়তো ছিটকে যাও’। তবে হামজা চৌধুরী ও ফারহান আলীদের মতো মানসম্পন্ন ফুটবলারদের উপস্থিতির কারণে বাংলাদেশ দল যে যথেষ্ট শক্তিশালী, তা অকপটে স্বীকার করে তিনি বলেন, আগামী ম্যাচটি সাফের ইতিহাসের অন্যতম সেরা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হতে চলেছে।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা যখন আরও কিছু প্রশ্ন করার চেষ্টা করেন, তখন ফের পারিবারিক রসিকতায় ফিরে যান মুতাইরি। হাসতে হাসতে তিনি বলেন, ‘২১ বছরের সংসার আমার। (ঘরে ফিরতে) বেশি দেরি হলে যদি ডিভোর্স হয়ে যায়, তখন কী করব? আপনারা কি চান আমার সংসার ভেঙে যাক?’





