১৬০ রানের বিস্ফোরক ইনিংসে বাবাকে দেওয়া কথা রাখলেন আর্যবীর

বাবার কাছে দেওয়া প্রতিশ্রুতির মূল্য কতটা, সেটা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মঞ্চে দেখালেন ভারতীয় কিংবদন্তি বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ১৬০ রানের বিস্ফোরক ইনিংস। ৭০ রানের বড় জয়ে ভারত নিশ্চিত করেছে সেমিফাইনাল। আগামী বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত তুলেছিল ৭ উইকেটে ৩০৯ রান। এতে আর্যবীরের অবদান ১৬৮ বলে ১৭ চার ও ৭ ছক্কায় ১৬০। তার এই ইনিংসের ওপর ভর করেই টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২৪০ রান তুলতে গিয়ে ২৩৯ রানেই থমকে যায় সংযুক্ত আরব আমিরাত। ম্যাচসেরার পুরস্কার নেওয়ার পর তরুণ শেবাগ জানিয়েছেন তার এই বড় ইনিংসের নেপথ্যের মূল রহস্য। ম্যাচ শেষে বাবার সঙ্গে করা প্রতিশ্রুতির কথা স্মরণ করে আনন্দিত আর্যবীর বলেন, ‘আমি একটি বড় ইনিংস খেলতে চেয়েছিলাম। বাবাকে কথা দিয়েছিলাম যে, একটা বড় সেঞ্চুরি উপহার দেব। কারণ, তিনি কেবল বড় সেঞ্চুরিগুলোকেই সম্মান জানান এবং পছন্দ করেন। তাকে খুশি করতে হলে ১০০ রান করার পর সেটাকে ১৫০-এ নিয়ে যাওয়া জরুরি ছিল। কথাটি রাখতে পেরে দারুণ লাগছে।’
উইকেটে স্পিনাররা বাঁক পাচ্ছিল। ফলে ইনিংসের শুরুতে ধীরে সুস্থে খেলে ৪০ থেকে ৫০ ওভার পর্যন্ত টিকে থাকার পরিকল্পনা ছিল আর্যবীরের। শুরুতে কিছু ডট বল খেললেও পরবর্তীতে তা পুষিয়ে দেওয়ার আত্মবিশ্বাস ছিল। এটা যুব ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি হলেও এর আগে দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে কুচবিহার ট্রফিতে ২৯৭ এবং ভিনু মানকড় ট্রফিতে ১৭৩ রানের বড় ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছেতাঁর।
নিজের ব্যাটিং শৈলী নিয়ে কথা বলতে গিয়ে আর্যবীর জানান, নিজের বাবার আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে বিরাট কোহলির মানসিকতার মিশেল ঘটাতে চান, ‘আক্রমণাত্মক ক্রিকেট খেলতে আমি ভালোবাসি। আমি বিরাট কোহলির বিরাট ভক্ত এবং আগ্রাসী ভঙ্গিতেই ক্রিকেট খেলতে পছন্দ করি। কেবল শেবাগের ধাঁচে নয়, কোহলির মতো করে প্রভাব বিস্তার করে খেলতে চাই। প্রতিপক্ষকে আধিপত্য বিস্তার করে হারিয়ে দেশের জন্য জয় এনে দেওয়াটাই আমার মূল লক্ষ্য।’




