বল টেম্পারিং
উসমান খাজার অভিযোগ উড়িয়ে দিলেন মিচেল স্টার্ক

আট বছর আগে কেপটাউন টেস্টের বহুল আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে সতীর্থ উসমান খাজার সাম্প্রতিক বক্তব্যকে সরাসরি নাকচ করে দিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ২০২১ সালে দেওয়া নিজেদের যৌথ বিবৃতিতে তিনি এখনও অটল আছেন জানিয়ে স্টার্ক স্পষ্ট করেছেন, সেদিন মাঠে বল টেম্পারিংয়ের পরিকল্পনা দলের বোলারদের জানা ছিল না।
সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে ২০১৮ সালের কেপটাউন বিতর্ক। সেই বইয়ে একটি পুরো অধ্যায় জুড়ে খাজা দাবি করেন, একাদশ ও ড্রেসিংরুমের প্রতিটি খেলোয়াড়ই এই স্যান্ডপেপার পরিকল্পনার বিষয়ে অবগত ছিলেন। দলটির তৎকালীন সদস্য ডেভিড ওয়ার্নার এবং চ্যাড সেয়ার্স খাজার এই দাবিকে ‘১০০% নিখুঁত’ বলে সমর্থন জানান। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অজি পেসার স্টার্ক। নিজের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমি আসলে বিষয়টিতে খুব একটা নজর দিইনি। আট বছর আগের সেই ঘটনা নিয়ে স্পষ্টতই ভিন্নমত রয়েছে। সে সময় আমাদের দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল। আমি অন্য বোলারদের হয়ে কথা বলব না, তবে আমার অবস্থান আগের মতোই আছে। ২০২১ সালে যে বক্তব্য দিয়েছিলাম, আমার স্মৃতি বা মতামত সেখান থেকে বিন্দুমাত্র বদলায়নি।’
পোর্ট এলিজাবেথের দ্বিতীয় টেস্টেও স্যান্ডপেপার ব্যবহারের যে দাবি খাজা তাঁর বইয়ে করেছেন, সে বিষয়েও আগে কিছুই জানতেন না বলে দাবি করেন স্টার্ক, ‘পোর্ট এলিজাবেথে এমন কিছু ঘটেছিল কি না, তা খাজার মাধ্যমেই আমি প্রথম শুনলাম। লেখকই হয়তো এর ব্যাখ্যা ভালো দিতে পারবেন। আমরা যে যৌথ বিবৃতি দিয়েছিলাম, সেখানে স্পষ্ট বলা ছিল যে মাঠে স্যান্ডপেপার (শিরীষ কাগজ) নিয়ে নামার বিষয়ে আমরা অবগত ছিলাম না। আমি বিষয়টি সেখানেই শেষ করতে চাই।’ উল্লেখ্য, ২০২১ সালে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড এবং নাথান লায়ন—অস্ট্রেলিয়ার এই চার মূল বোলার যৌথ বিবৃতি দিয়ে কেপটাউনে স্যান্ডপেপার ব্যবহারের পূর্ব পরিকল্পনা বা জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন। খাজার বই নতুন বিতর্কের জন্ম দিলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, এই মুহূর্তে ঘটনাটির নতুন করে কোনো তদন্ত বা ফাইল পুনরায় খোলার সম্ভাবনা নেই।





