পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ?

সংগৃহীত ছবি
২০২৭ এশিয়া কাপের আগে নিজেদের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। প্রস্তাবে ইতিবাচক সাড়া মিললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভার সময় পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে এই প্রস্তাব দেয় বিসিবি। দুই দেশের ক্রিকেট বোর্ডই প্রাথমিকভাবে আগ্রহ দেখিয়েছে।
শুক্রবার ক্রিকবাজকে বিসিবির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, 'এশিয়া কাপের আগে বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে আমরা পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছি। দুই দেশই প্রস্তাবে বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।'
তবে সিরিজটি আয়োজনের বিষয়ে এখনই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। কারণ, বিসিবির প্রস্তাবটি এখনো দুই দেশের বিবেচনাধীন। পাকিস্তান ও শ্রীলঙ্কা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সিরিজটির ভবিষ্যৎ নিশ্চিত নয়।
ওই কর্মকর্তা আরও বলেন, 'এটি আমাদের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব এবং দুই দেশই বিষয়টি বিবেচনা করছে। তাই এখনই আমরা সিরিজটির ঘোষণা দিতে পারছি না। তারা অংশ নেবে কি না, সে বিষয়ে পরবর্তী সময়ে নিজেদের সিদ্ধান্ত আমাদের জানাবে।'
এদিকে ত্রিদেশীয় সিরিজের সময় নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির বক্তব্যের সঙ্গে বিসিবির দেওয়া তথ্যের কিছুটা পার্থক্য রয়েছে। শুক্রবার পাকিস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাকভি জানিয়েছিলেন, আগামী বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। তবে বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবটি আগামী বিশ্বকাপের আগে নয়, বরং ২০২৭ এশিয়া কাপের আগে সিরিজ আয়োজনের জন্য দেওয়া হয়েছে।
নাকভি বলেন, 'বিশ্বকাপের আগে বাংলাদেশ ইতোমধ্যে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিয়েছে। সেটিও আমরা চূড়ান্ত করব।'
আগামী ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৭ এশিয়া কাপ। ২০১৬ সালের পর আবারও এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত টুর্নামেন্টে স্বাগতিকরা রানার্সআপ হয়েছিল।
আপাতত সবকিছু নির্ভর করছে পাকিস্তান ও শ্রীলঙ্কার চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। দুই বোর্ড সম্মতি দিলেই কেবল সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা ও সূচি প্রকাশের পথ তৈরি হবে।



