আমার হৃদয়ে বাঁচো
রেডিওর ফেরারী দিনগুলো

ইরাজ আহমেদ। স্কেচ: আগামীর সময়
ছোটবেলা ঘুম ভেঙে উঠে শুনতাম দাদুর ঘরে রেডিওতে গান হচ্ছে। আকাশবাণী কলকাতা থেকে পঙ্কজ মল্লিক গাইছেন, অচেনারে ভয় কী আমার ওরে...বাড়িতে তখন ফিলিপস কোম্পানির তিন ব্যান্ডের একটা রেডিও।
দাদুর ঘরের এক পাশে বড় একটা টেবিল। সেখানে ছিল ভদ্রমহিলার ছোটখাট এক সাম্রাজ্য-পানের বাটা থেকে শুরু করে পানি খাওয়ার গ্লাস, চশমার খাপ, বইপত্র ইত্যাদি। সেই সাম্রাজ্যের একটু জায়গা করে ছিল রেডিওটা। দাদু ঘুম থেকে উঠেই চালিয়ে দিতেন। মৃদু লয়ে গানের সুর ছড়িয়ে পড়ত বাড়িতে। আমার মনেও।
সুরের সেই রেশ মনের মধ্যে রয়ে গেছে টের পাই। আজও ভোরবেলা ঘুম থেকে উঠে মাঝে মাঝে রেডিওতে গান শোনার ইচ্ছেটা ফিরে আসে। কিন্তু রেডিও নামের যন্ত্রটাই তো ফেরারী হয়ে গেছে জীবন থেকে।
রেডিওর একটা আলাদা পৃথিবী ছিল তখন। সেখানে অনেক জীবন্ত মানুষ কথা বলছে অথচ এক অদৃশ্যলোকে বসবাস তাদের। ঘোষক, খবর পাঠক, গায়ক-গায়িকা, অনুষ্ঠানের উপস্থাপক-সবার কন্ঠস্বর প্রতিদিনের চেনা। কিন্তু তাদের দেখার কোনো সুযোগ নেই। সবাই যেন দূর এক গ্রহের বাসিন্দা আর সেই গ্রহটার নাম রেডিও।
যে সময়টার কথা লিখছি তখন সবে বাঙালি মধ্যবিত্তের বসবার ঘরে পা রেখেছে সাদাকালো টেলিভিশন। কিন্তু রেডিও তখনও বেশিরভাগ মানুষের কাছে এক লাইট হাউজ।
রেডিও মনে কল্পনার অনেক বেলুন উড়িয়ে দিত তখন। কেমন দেখতে বেতার অফিসের ভেতরটা? কারা সেখানে কাজ করে? আমার স্কুলে যাবার পথে শাহবাগে ছিল ঢাকার রেডিও অফিস। সাদা রং করা দোতলা ভবন। বড় একটা লোহার গেটের কারণে ভিতরটা তখন দেখা যেত না। ১৯৫৪ সালে এই ভবনটি তৈরি হয় তৎকালীন পূর্ব পাকিস্তানের বেতারকেন্দ্র হিসেবে। প্রচুর কৃষ্ণচ‚ড়া গাছ ছিল এই ভবনের সামনের রাস্তার মাঝে আইল্যান্ডে। স্কুলে যেতে যেতে তাকিয়ে দেখতাম বেতার ভবনটিকে। তখন থেকেই রেডিও মনের মধ্যে অদ্ভুত এক অগ্রহের জগত তৈরি করেছিল।
কলকাতার আকাশবাণী অথবা আমাদের বেতারকেন্দ্র থেকে প্রচারিত সাপ্তাহিক নাটক আর অনুরোধের আসরের গান ছিল আকর্ষণের কেন্দ্র। সকালবেলা সচল হয়ে উঠত রেডিও। চমৎকার এক উদ্বোধনী সুরের আবেশ কাটিয়ে ভেসে আসতো অন্যতম অনুষ্ঠান ঘোষিকা হেনা কবিরের কন্ঠস্বর। ঝারী গলায় খবর পড়তেন সরকার কবিরউদ্দিন, সিরাজুল মজিদ মামুন। ইংরেজি খবর পড়ে সেই সময়ে ঢাকায় রীতিমত বিখ্যাত হয়েছিলেন অনিন্দ্য সুন্দরী নারী ফারহানা রহমান।
বড় হয়ে উঠেছি এই শহরে রেডিওর সঙ্গে সঙ্গে। দাদুর রেডিওর আংশিক নিয়ন্ত্রণ একটা সময় আমার হাতেও চলে আসে। তখন দুপুরবেলা শুনি ‘বিজ্ঞাপন তরঙ্গ’। সদ্য মুক্তি পাওয়া সিনেমাগুলোর গান, সংলাপ নিয়ে পরিচিতিমূলক ছোট ছোট স্কিড প্রচারিত হতো। ভরাট গলায় একজন মানুষ ধারাবিবরণীর মতো কথা বলে আটকে রাখতেন মোহন আকর্ষণের জালে। অনেক পরে জেনেছি ভদ্রলোকের নাম নাজমুল হুসেইন। আরও অনেক বছর পর তার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়। তার বাড়ির একটি বদ্ধ ঘরে বসে দীর্ঘ আড্ডায় একদা বিখ্যাত হয়ে ওঠা বিজ্ঞাপন তরঙ্গের প্রসঙ্গে অনেক কথা বলেছিলেন নাজমুল হুসেইন।
রেডিওতে ছুটির দিনে দুপুরবেলা নাটক প্রচারিত হতো কলকাতার আকাশবাণী থেকে। নাটক প্রচারিত হতো বাংলাদেশ বেতার থেকেও। মনে পড়ে, দুপুরে খাবার টেবিলে রেডিও চলে আসত নাটক শোনার জন্য।
ঢাকা এবং কলকাতা রেডিওতে তখন বড় স্লট হিসেবে ছিল অনুরোধের আসর; শ্রোতাদের অনুরোধে প্রিয় গান শোনানোর অনুষ্ঠান। শ্রোতারা চিঠি লিখে তাদের প্রিয় গানের জন্য অনুরোধ করে চিঠি পাঠাতেন বেতার কেন্দ্রে। বহু অনুরোধকারী নিয়মিত চিঠি লিখতেন। শুনে শুনে তাদের নামও মুখস্ত হয়ে গিয়েছিল। ছাত্র জীবনে ইংরেজি গানের সঙ্গে পরিচয় এই রেডিওর মাধ্যমে। তখন ঢাকা থেকে প্রতিদিন দুপুরে সম্প্রচারিত হতো ‘ওয়ার্ল্ড মিউজিক’। বনিএম, বিজিস, এলভিস প্রেসলি, জন ডেনভার, ডোনা সামার তখন আমাদের বন্ধু হয়ে উঠেছিল।
প্রিয় রেডিও ১৯৭১ সালে হয়ে উঠেছিল এক গেরিলা চরিত্র। সেই এক ভয়ংকর সময়ে রেডির হাইড-আউট হয়ে উঠেছিল বাড়িতে থাকা লোপ-তোষকের স্তুপ অথবা খাটের তলা। তার কাছে যেন জমা থাকত আমাদের প্রাণভোমরা। রাত নামলে খুব লো-ভলিউমে রেডিওতে শব্দ তুলত স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান, যুদ্ধের খবর আর অসাধারণ সব দেশাত্মবোধক গান। বাইরে তখন অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানি সৈন্য আর রাজাকার-আলবদর বাহিনী। তবুও বিদ্রোহী বাঙালির সঙ্গে গেরিলার মতো সরব হতো রেডিও। বিপন্ন মানুষ গভীর মনযোগে শুনত বিবিসি’র খবর। উদ্দীপ্ত হতো গোটা জাতি তাদের স্বাধীনতা সংগ্রামের ইতিবাচক খবর। সেই সময়ে শহর অথবা গ্রামে রেডিওর ব্যাটারি মহার্ঘ হয়ে উঠেছিল। শহরে কারফিউ উঠে গেলে মানুষ ছুটত বিভিন্ন দোকানে ব্যাটারি সংগ্রহ করে রাখার জন্য। আমাদের বাড়িতে এক কাকা রেডিওর ব্যাটারি রিচার্জ করার অভিনব পদ্ধতি আবিষ্কার করেছিলেন বৈদ্যুতিক সংযোগ থেকে তারের মাধ্যমে। যতটা না কাজ হতো তার চাইতে বেশি ছিল আমাদের উত্তেজনা।
রেডিও যন্ত্রটা আজও টিকে আছে পৃথিবীতে। বেতার অফিসও নানা অনুষ্ঠান সম্পচারিত হয়। কিন্তু আমি সেই রেডিওর কথা ভাবি, যখন ছোট যন্ত্রটি আমাদের জীবনে এক অবিচ্ছেদ্য চরিত্রে পরিণত হয়ে উঠেছিল। আমাদের সকাল হতো না, দুপুর কাটতো না রেডিও ছাড়া। পছন্দের তরঙ্গ খুঁজে না পেলে আমরা অস্থির হয়ে উঠতাম। কেউ কেউ রেডিওর অ্যান্টেনা তুলে দিত ওপরে। সেই রেডিও তরঙ্গের দিনগুলি ধীরে সময়ের আবর্তনে ফ্যাকাশে হতে হতে ফেরারী হলো চিরকালের জন্য।



