আব্দুস সালাম
গাড়ি পুড়িয়ে লাভ হবে না, আন্ডারগ্রাউন্ড রাজনীতির পক্ষে নয় দেশবাসী

বাংলাদেশের মানুষ কখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতি বা সন্ত্রাসের পক্ষে অবস্থান নেয়নি বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দল আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে আব্দুস সালাম বলেন, গাড়ি পোড়ানো কিংবা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ কখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতি বা সন্ত্রাসের পক্ষে ছিল না। বিএনপির ওপর দীর্ঘ ১৭ বছর ধরে অত্যাচার-নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটলেও দলটি কখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে যায়নি। বরং জনগণের পাশে থেকে আন্দোলন করেছে এবং জনমত গড়ে তুলেছে। শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে।
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, ‘গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ব্যাংকে টাকা নেই’ এমন স্লোগান একসময় বিএনপিও দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে কি আলাদিনের চেরাগ আছে যে, দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে? এসব সমস্যার সমাধানে সময় প্রয়োজন। অথচ দেশকে অস্থিতিশীল করার কর্মসূচি দিয়ে ফ্যাসিবাদকে আবার ফিরে আসার সুযোগ তৈরি করা হচ্ছে।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, যারা এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন, তাদের ধৈর্য ধরতে হবে।
বিরোধী দলকেও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। পরবর্তী নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব কেএম সোহেল রানা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিম, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, তারিকুল ইসলাম মধু, কবির উদ্দিন মাস্টার, সাইদুল ইসলাম টুলু, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া, জহিরুল ইসলাম বাশার, সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হক মোল্লা এবং মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমিরসহ অন্য নেতারা।



