বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের বৈঠক

ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগার বৈঠক
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন দেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। বৈঠকে আলোচনা হয়েছে বাংলাদেশ-স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে।
গতকাল রবিবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক। বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডা. শফিকুর রহমানের সঙ্গে এটি স্পেনের রাষ্ট্রদূতের প্রথম বৈঠক।
জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সদ্য পাস হওয়া জাতীয় বাজেট এবং বাংলাদেশ-স্পেন সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বৈঠকে। একই সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও মতবিনিময় করেছে দুপক্ষ।
বৈঠকে বিরোধীদলীয় নেতা বাংলাদেশ ও স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে জানালেন, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদী তিনি। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে স্পেনের অবস্থানেরও প্রশংসা করলেন।




