গ্রামীণ রাস্তা নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর

গ্রামীণ রাস্তা নির্মাণে ইটের পরিবর্তে শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে জনসচেতনতা বাড়ানো এবং সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে ব্যবহার্য পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বুধবার নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদুল ইসলাম বলেন, আগামী প্রজন্মের জন্য সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী সফলভাবে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে ইটের পরিবর্তে শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করতে হবে। পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি দপ্তরে একবার ব্যবহার্য পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচি যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হাসপাতালে আসা ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, দলমত নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চিহ্নিত দুষ্কৃতকারীদের ওপর নজরদারি রাখতে হবে, যাতে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
নড়াইল জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন সরকারি কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন। তারা জেলার বিভিন্ন স্থানীয় সমস্যা, করণীয় ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।



