দণ্ডিত শেখ হাসিনার আপিলের ‘সুযোগ নেই’

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলেও আপিলের সুযোগ পাবেন না বলে ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিতদের বিলম্ব মার্জনা করার কোনো সুযোগ আইনে নেই।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।
বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে পাওয়ার আশাও করছেন তিনি।
২০২৪
সালে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত
পাঠানোর ক্ষেত্রে নয়াদিল্লি দুটি শর্তের খবর সম্প্রতি প্রকাশ হয়েছে, যদিও ভারত
সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রকাশিত
সংবাদে বলা হচ্ছে, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান,
বাংলাদেশ সরকারের কাছে সেই নিশ্চয়তা চেয়েছে নয়াদিল্লি।
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে গত বছর রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে পলাতক দেখিয়ে হয়েছে এই বিচার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুসারে, রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে আপিল বিভাগে আপিল করতে হয়। এ সময়ের পরে আপিল গ্রহণযোগ্য হয় না।
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘এ ধরনের মামলায় আপিলেট ডিভিশনের ডিলে কনডন (বিলম্ব মার্জনা) করার কোনো সুযোগ নেই। স্পেশাল ল-তে কনডন করার কোনো সুযোগ রাখেনি। উনারাই সেই আইন করে গেছেন।’
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার ক্ষেত্রে সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের যে সুযোগ রয়েছে, তা-ও থাকছে না বলে জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘আমাদের সংবিধানের ৪৭ এর (৩) অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও অভিযুক্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।’
আইনমন্ত্রীর কথার অর্থ দাঁড়ায়, শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা যেতে পারে। এ কথাটি বিএনপির অন্য নেতারাও বলে আসছেন।
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এজন্য পাসপোর্ট চেয়ে আবেদন তিনি করেছেন বলে খবর প্রকাশ হয়েছে। তবে দণ্ডিত আসামি হিসেবে তাকে পাসপোর্ট না দেওয়ার কথা বলছে সরকার।
আইনমন্ত্রী বলেছেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন আসবেন, সেটাও আইনি প্রক্রিয়া।’
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে। তবে সে অনুরোধে এখন পর্যন্ত সাড়া দেয়নি দিল্লি।





