মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ না করার আহ্বান জামায়াত আমিরের

প্রতীকী ছবি
মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের চিন্তাভাবনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিরোধীদলীয় নেতা এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি সরকারকে সতর্ক করে বলেছেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা চরম ‘জনস্বার্থবিরোধী’ হিসেবে বিবেচিত হবে।
ডা. শফিকুর রহমান ফেসবুক পোস্টে লিখেছেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।
‘করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়’, ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি।
সরকারকে এ ধরনের ‘জনস্বার্থবিরোধী’ পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।’




