নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদ
ঢাকায় এনসিপির মশাল মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা

রাজধানী এনসিপির মশাল মিছিল। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও মশালমিছিল করেছে দলটি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভূমিকার কঠোর সমালোচনা করে পদত্যাগ দাবি করে ‘গদি ছাড়ার’ আহ্বান জানান তারা।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত মশালমিছিলটি অনুষ্ঠিত হয়। নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলের আগে বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে সমাবেশ করেন এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেন, ‘নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের এক দিন আগে মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির নেতা হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা হয়েছিল। কিন্তু হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন।’ সরকারের দুর্বলতার কারণেই আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের সুযোগ পাচ্ছে বলে দাবি করেন তিনি।
আখতার হোসেন বলেন, ‘সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে এবং দল হিসেবে তাদের বিচারের আওতায় আনলে বাংলাদেশে অগ্নিসন্ত্রাস, খুন ও মানুষ পোড়ানোর রাজনীতির সুযোগ তৈরি হতো না।’
কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘দায়সারা’ বলে মন্তব্য করেন আখতার হোসেন। তিনি বলেন, ‘যে বাড়িতে কয়েকজন মানুষ বছরের পর বছর ধরে বসবাস করে আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন ওই বাড়িটাকে পরিত্যক্ত বাড়ি বলেন, তখন মনে হয় সরকার আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসকে দায়মুক্তি দেওয়ার একটা পথ খুঁজছে।’
আওয়ামী লীগের নাশকতা ও অগ্নিসন্ত্রাস ঠেকাতে গোয়েন্দা বাহিনীর ব্যর্থতার অভিযোগ তুলে আখতার হোসেন বলেন, ‘সরকারের দৃষ্টিভঙ্গি দেখে মনে হয়, গোয়েন্দা বাহিনীগুলোকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, যাতে আওয়ামী লীগ নাশকতা করার সুযোগ পায়।’
বিএনপির লোকজন টাকা দিয়ে বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন—সরকারদলীয় এক সংসদ সদস্যের এমন বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন আখতার হোসেন। তিনি বলেন, ‘সরকারদলীয় একজন সংসদ সদস্য যখন নিজেই এমন কথা বলেন, তখন স্পষ্ট হয়ে যায় যে এই সরকার আওয়ামী লীগকে কঠোর হাতে দমন করতে চায় না। বরং তাদের ভোট পাওয়ার সুযোগ দিয়ে বাংলাদেশে নাশকতার পথ প্রশস্ত করছে।’
আওয়ামী লীগকে আর কোনোভাবেই বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আখতার হোসেন। সরকারের কাছে দুটি দাবি তুলে ধরে তিনি বলেন, ‘নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিচারের আওতায় আনতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। যারা আওয়ামী লীগের পক্ষ নেন, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’
এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে জড়ো হন এনসিপির নেতা-কর্মীরা। কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর পৌনে সাতটার দিকে শুরু হয় সমাবেশের বক্তব্য পর্ব। আখতার হোসেনের সমাপনী বক্তব্যের আগে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও আশরাফ উদ্দীন মাহদী, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার, জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদ এবং জাতীয় নারীশক্তির ঢাকা দক্ষিণের আহ্বায়ক সিফাত সুলতানসহ আরও অনেকে।
সমাবেশ শেষে আখতার হোসেনের নেতৃত্বে বাংলামোটর থেকে মশালমিছিল শুরু হয়। মিছিলের কারণে বাংলামোটর থেকে শাহবাগ অভিমুখী সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। মিছিলটি পরীবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। রাত সোয়া আটটার দিকে সেখানে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।




