আগামীর চোখ
হাসপাতালের ক্রমশ গরুকরণ

গ্রাফিকস: আগামীর সময়
বরাবর
মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর
বিনীত নিবেদন এই যে, আমরা বেতাগীর গরু-ছাগল। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। এতদিন শুনে এসেছি, চিকিৎসক ছাড়া চিকিৎসা হয় না। আপনারা প্রমাণ করেছেন, কথাটা ঠিক নয়। এ এক অনন্য সাফল্য!
আমাদের বেতাগী হাসপাতালে ১১টি অনুমোদিত পদের মধ্যে ৯টিই খালি। চিকিৎসক নেই, সার্জন নেই, উপসহকারী নেই। আছেন দুজন— একজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অন্যজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। তারা চাইলে আমাদের চিকিৎসার প্রেসক্রিপশনও কম্পিউটারে টাইপ করে দিতে পারেন। অর্থাৎ আমাদের চিকিৎসাব্যবস্থায় এখন ফিল্ড আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, কম্পিউটার আছে; শুধু ডাক্তারটাই নেই। বিজ্ঞানের জয়যাত্রায় এটুকু অনুপস্থিতি নিশ্চয়ই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যায়।
আমাদের প্রস্তাব, হাসপাতালের নাম বদলে ‘বেতাগী পশু-পরামর্শ ও কম্পিউটার সেবাকেন্দ্র’ রাখা হোক। অসুস্থ গরু গেলে কম্পিউটারে তার নাম-ঠিকানা এন্ট্রি হবে, ছাগল গেলে একটি টোকেন দেওয়া হবে। রোগী মারা গেলে মৃত্যুসনদ প্রিন্ট করে দেওয়া যাবে। এতে চিকিৎসক না থাকার সমস্যাটিও আর চোখে পড়বে না।
আমাদের প্রস্তাব, হাসপাতালের নাম বদলে ‘বেতাগী পশু-পরামর্শ ও কম্পিউটার সেবাকেন্দ্র’ রাখা হোক
শুনেছি, ২০২২ সালের এপ্রিল থেকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পদ শূন্য। এরপর একজন ভেটেরিনারি সার্জন পুরো উপজেলার চিকিৎসা চালিয়েছেন। তিনিও গত ১৭ অক্টোবর চলে গেছেন। চমৎকার ধারাবাহিকতা! একজন গেলেন, আরেকজন গেলেন, শেষে রইলেন দুজন। একে বলে জনবল সংকোচন, নাকি হাসপাতালের ক্রমশ গরুকরণ— তা আমাদের বোধগম্য নয়।
অসুস্থ হলে আমাদের মালিকরা হাসপাতালে নিয়ে আসেন। বারান্দায় দাঁড় করিয়ে রাখেন। আমরা ঘাস খাই, জাবর কাটি, অপেক্ষা করি। কর্মচারীরা বলেন, ডাক্তার নেই। আমরা ভাবি, ডাক্তার না থাকলে আমাদেরইবা আসার কী দরকার ছিল? বাড়িতে বসেই তো অসুখে থাকা যেত!
তবে একটি বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। আমরা আন্দোলন করব না, মিছিল করব না, হাসপাতালের সামনে গুঁতোগুঁতি করব না। আমাদের শিং আছে; কিন্তু দাবি আদায়ের রাজনৈতিক কৌশল নেই। আমরা শুধু অসুস্থ হই আর চিকিৎসা না পেলে মরি। আমাদের মালিকরা লোকসান গোনেন, আপনারা সভার কার্যবিবরণী লেখেন।
অতএব, মহোদয়, আমাদের জন্য অন্তত একটি বিজ্ঞপ্তি দিন— ‘বেতাগী ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসক নেই। গবাদি পশুকে আপাতত সুস্থ থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।’
আমরা গরু-ছাগল। ঘাস খেয়ে বেঁচে থাকি; কিন্তু আশ্বাসের জাবর কেটেও চালিয়ে যেতে পারি।
বিনীত
মহাসচিব, গরু-ছাগল সমিতি
বেতাগী উপজেলা শাখা



