আগামীর চোখ
‘চাঁদাবান্ধব অর্থনীতি’

গ্রাফিকস: আগামীর সময়
বরাবর
মাননীয় সচিব
মহোদয়, আমরা ইদানীং বড়ই বিপদে আছি। আগে জানিতাম, ব্যবসা করিতে পুঁজি লাগে, দোকান খুলিতে লাইসেন্স লাগে, বিদ্যুৎ চালাইতে বিল লাগে। এখন দেখিতেছি, এসবের পাশাপাশি লাগে সুজন, বাদশা, জনি, গুজা এবং আরও কয়েক প্রজাতির জন্তু। ইহাদের নামের আগে-পিছে বিশেষণ থাকে, হাতে থাকে অস্ত্র, মুখে থাকে ব্যবসাবান্ধব বাণী।
সম্প্রতি রামপুরায় একদল ব্যবসাবান্ধব ব্যক্তি ইন্টারনেট অফিসে উপস্থিত হইয়া জানতে চাহিয়াছেন, ‘টাকা দিলি না কেন?’ প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক। কারণ ইন্টারনেটের যুগে টাকা ছাড়া কোনো কিছুই চলে না। এমনকি ইন্টারনেট ব্যবসাও চলে না, যদি না ইন্টারনেটের বাইরের কিছু মানুষকে মাসিক ইন্টারনেটবহির্ভূত সংযোগ ফি দেওয়া হয়। এককালীন দশ লাখ, মাসে এক লাখ। ইহাকে চাঁদা বলিলে ভুল হইবে। ইহা একপ্রকার স্থানীয় ডিজিটাল উন্নয়ন কর।
আবার শ্রীপুরে দেখা গেল, মোবাইল ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয় বাড়িতে হামলা, ভাঙচুর, ককটেল ও অগ্নিসংযোগের চেষ্টা হইয়াছে। কী আশ্চর্য! নাগরিকরা এখনো ছিনতাইয়ের প্রতিবাদ করেন! ইহা কি সভ্যতার লক্ষণ? ছিনতাইকারীরাও তো কর্মসংস্থান সৃষ্টি করিতেছে। তাহাদের কর্মে বাধা দেওয়া কি জাতীয় অর্থনীতির জন্য ভালো?
মহোদয়, আমাদের দেশে উন্নয়নের এত রকম মডেল চালু হইয়াছে যে, এ মডেলটির নাম দেওয়া যাইতে পারে ‘চাঁদাবান্ধব অর্থনীতি’। এখানে ব্যবসায়ী পণ্য বিক্রি করেন, কর্মচারী বেতন পান, গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন আর মাঝখানে একদল উদ্যোক্তা অস্ত্রের জোরে সকলের লাভের অংশীদার হন। তাহারা কোনো কারখানা করেন না, পণ্য উৎপাদন করেন না, সেবা দেন না; শুধু বন্দুকের নল দিয়া অর্থনীতির চাকা সচল রাখেন। ইহাদের অবদান অস্বীকার করা যায় না।
মহোদয়, আমরা শুনিয়াছি, রাষ্ট্রের কাজ নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিষয়টি কিছুটা সংশোধন করা দরকার। রাষ্ট্র নিরাপত্তা দিবে, নাগরিক চাঁদা দিবে, দুর্বৃত্ত ব্যবসা করিবে আর পুলিশ তদন্ত করিবে। প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করিলে দেশ আগাইয়া যাইবে।
পরিশেষে একটি প্রশ্ন। নাগরিকরা যদি নিজেদের বাড়িতে নিরাপদ না থাকেন, ব্যবসাপ্রতিষ্ঠানে নিরাপদ না থাকেন, রাস্তায় নিরাপদ না থাকেন, তবে তাহারা নিরাপদ থাকিবেন কোথায়?
শুনিয়াছি, নিরাপত্তা এখনো আছে। তবে তাহার ঠিকানা গোপন রাখা হইয়াছে। ঠিকানা জানিতে হইলে আগে দশ লাখ টাকা জমা দিতে হইবে।
ইতি
একজন ভীতু নাগরিক



