সম্পাদকীয়
ঋণবিষয়ক রসিকতা

রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভূমিকা অপরিসীম। বিশেষ করে বেকার তরুণ-তরুণী, স্বল্প পুঁজির উদ্যোক্তা এবং গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তুলতে সহজ শর্তে ঋণপ্রাপ্তির সুযোগ সৃষ্টি করা জরুরি। সরকারের বিনা জামানতে ঋণ দেওয়ার উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। এই উদ্যোগের অন্তর্নিহিত উদ্দেশ্য হলো— যাদের মেধা ও শ্রম দেওয়ার সামর্থ্য আছে, ব্যবসা করার স্বপ্ন আছে কিন্তু পুঁজি নেই, তাদের পাশে দাঁড়ানো। অথচ দুঃখজনক বাস্তবতা হচ্ছে, ঋণের ঘোষণা যতটা সহজ-সরল ও আকর্ষণীয়, বাস্তবে এর বিপরীতে সেই ঋণ পাওয়া ততটাই কঠিন। নানা শর্ত, কাগজপত্র, প্রাতিষ্ঠানিক জটিলতা এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার জালে আটকে যাচ্ছে ঋণপ্রত্যাশীদের স্বপ্ন। ফলে বিনা জামানতে ঋণের ঘোষণা অনেক ক্ষেত্রেই ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। আগামীর সময়ের ‘বিনা জামানতে ঋণ ঘোষণাতেই’ শীর্ষক প্রতিবেদনে উঠে আসা এ বাস্তবতা আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা ও নীতিগত অসংগতির নানা দিক উঠে এসেছে।
প্রশ্ন হচ্ছে, বিনা জামানতে ঋণ দেওয়ার ঘোষণা যদি বাস্তবে নানা শর্তের বেড়াজালে আটকে থাকে, তাহলে এ উদ্যোগের সুফল কারা ভোগ করবে? যাদের আর্থিক সামর্থ্য, ব্যাংকের সঙ্গে যোগাযোগ, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার সক্ষমতা আছে, তারা হয়তো কোনোভাবে ঋণের ব্যবস্থা করতে পারবেন। কিন্তু যাদের জন্য এ ঋণের আয়োজন, সেই প্রান্তিক নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা স্বল্প পুঁজির বিনিয়োগকারীরা যদি ঋণের দরজায় গিয়েই বারবার প্রত্যাখ্যাত হন, তাহলে এমন ঋণনীতির কার্যকারিতা কোথায়?
বিনা জামানতে ঋণের মূল দর্শনই হচ্ছে, জামানত দেওয়ার সামর্থ্য না থাকলেও একজন যোগ্য উদ্যোক্তা যেন আর্থিক সহায়তা পান। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, জামানত না চাইলেও এমন সব শর্ত আরোপ করা হচ্ছে, যেগুলো পূরণ করাই অনেকের পক্ষে প্রায় অসম্ভব। জমির দলিল, ব্যবসার অভিজ্ঞতার সনদ, ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসাবের লেনদেনের ইতিহাস, কোথাও আয়-ব্যয়ের বিবরণী, আবার কোথাও বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্রের প্রয়োজনীয়তা ঋণপ্রত্যাশীদের নিরুৎসাহিত করছে। একজন বেকারের কাছে জমির দলিল, নতুন উদ্যোক্তা যিনি ব্যবসা শুরু করতে চান, তার কাছে ব্যবসার দীর্ঘ অভিজ্ঞতার প্রমাণ চাওয়ার যৌক্তিকতা কতটুকু? যার ব্যবসাই শুরু হয়নি, তিনি ব্যবসার আয়-ব্যয়ের পুরনো হিসাব দেখাবেন কীভাবে? যার পুঁজি নেই বলেই ঋণের প্রয়োজন, তার কাছেই যদি আর্থিক সক্ষমতার একগুচ্ছ প্রমাণ দাবি করা হয়, তাহলে সেই ঋণ প্রকল্পের উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। প্রতিবেদনে এক উদ্যোক্তার বক্তব্যে উঠে এসেছে, আমাদের বাস্তবতায় নারীদের নিজের নামে জমি থাকে না— এটিই সবচেয়ে বড় সংকট। বিনা জামানতে নারী উদ্যোক্তাদের ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার কথা থাকলেও তার জানামতে একজন উদ্যোক্তাও আজ পর্যন্ত এ সুবিধা পাননি। বাস্তবতা একরকম ঋণপ্রত্যাশীদের সঙ্গে নিষ্ঠুর রসিকতার মতো। এমনটি চলতে থাকলে নারীদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা দূরের স্বপ্ন হয়েই থাকবে।
বিনা জামানতে ঋণ দেওয়ার ঘোষণা তখনই সার্থক হবে, যখন একজন অসহায় পুঁজিহীন নারী উদ্যোক্তা কিংবা বেকার তরুণ কোনো তদবির, হয়রানি ও অযৌক্তিক শর্ত ছাড়াই তার যোগ্যতা বা সামর্থ্যের ভিত্তিতে ঋণ পাওয়ার নিশ্চয়তা পাবেন। সরকারের সদিচ্ছাকে বাস্তবে রূপ দিতে হলে ব্যবস্থাপনার আমূল পরিবর্তন জরুরি। অন্যথায় বেকারত্ব দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির মহৎ উদ্দেশ্য ঘোষণার বৃত্তেই ঘুরপাক খাবে। রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রযাত্রায় এ আত্মঘাতী পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। তাই এখন সময় নতুন ঘোষণা দেওয়ার নয়, পুরনো ঘোষণাকে বাস্তবে কার্যকর করার। ঋণের দরজা খুলতে হবে, শর্তের দেয়াল ভাঙতে হবে— এটিই হোক সরকারের অগ্রাধিকার।



