আইন যথেষ্ট নয়, বিধিমালা জরুরি

গ্রাফিকস: আগামীর সময়
সম্প্রতি জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে গত ১০ এপ্রিল ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০২৬)’ পাসের পর আইনটির বাস্তব প্রয়োগের ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। আইন পাস এবং সংসদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণা— উভয় পদক্ষেপই তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন। এখন প্রয়োজন এই অঙ্গীকারকে বাস্তব ফলাফলে রূপ দিতে দ্রুত বিধিমালা প্রণয়ন।
সংশোধিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০২৬)-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধকরণ, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার সীমিতকরণ, শিশু ও কিশোরদের তামাকের সহজলভ্যতা কমানো এবং জনপরিসরে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার মতো পদক্ষেপগুলো জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব বিধানের কার্যকারিতা অনেকাংশেই নির্ভর করবে দ্রুত ও কার্যকর বিধিমালা প্রণয়নের ওপর। কেননা এ বিধানগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সেগুলো কীভাবে, কোন প্রক্রিয়ায় এবং কী পরিসরে বাস্তবায়িত হবে, তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা প্রয়োজন। সুতরাং আইন প্রণয়নের পরবর্তী পদক্ষেপ হিসেবে বিধিমালা প্রণয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া জরুরি।
বাংলাদেশ বিশ্বের উচ্চ তামাক ব্যবহারকারী দেশগুলোর অন্যতম। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (GATS) ২০১৭-এর তথ্যমতে, দেশে তামাক ব্যবহারের হার ৩৫ দশমিক ৩ শতাংশ। টোব্যাকো অ্যাটলাস ২০২৫-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশে মোট মৃত্যুর ১৮ দশমিক ২৭ শতাংশের সঙ্গে তামাক ব্যবহারের সম্পর্ক ছিল। তামাকজনিত মৃত্যুর সংখ্যা প্রায় দুই লাখ।
জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণা করে আইন বাস্তবায়নের ক্ষেত্রেও একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এখন প্রয়োজন সেই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়া
অন্যদিকে তামাক ব্যবহারের অর্থনৈতিক প্রভাবও উদ্বেগজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও ইকোনমিকস ফর হেলথের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয় ছিল প্রায় ৪১ হাজার কোটি টাকা। অথচ একই সময়ে তামাক ব্যবহারের ফলে স্বাস্থ্যসেবা, উৎপাদনশীলতা হ্রাস ও পরিবেশগত ক্ষতিসহ মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৭ হাজার ৫৪৪ কোটি টাকা। অর্থাৎ এ খাত থেকে অর্জিত রাজস্বের তুলনায় তামাকের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির
পরিমাণ দ্বিগুণের বেশি।
বাংলাদেশ ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার Framework Convention on Tobacco Control-এ (FCTC) স্বাক্ষর করে তামাক নিয়ন্ত্রণে বৈশ্বিক অঙ্গীকারে শামিল হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে জনস্বাস্থ্যবিষয়ক নীতিনির্ধারণে তামাকশিল্পের প্রভাব প্রতিরোধ, তামাক ব্যবহার ত্যাগে সহায়তা প্রদান এবং জনসচেতনতা বৃদ্ধিসহ ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে রক্ষার ক্ষেত্রে দেশের যে অঙ্গীকার রয়েছে, সেসব বিষয়ে আরও সুনির্দিষ্ট নির্দেশনা সংযোজন এবং কার্যকর করার জন্য দ্রুত বিধিমালা প্রণয়ন সময়ের দাবি। আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা গেছে, আইন পাসের পর বিধিমালা প্রণয়নে বিলম্ব ঘটলে তামাকশিল্পের হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের সুযোগ সৃষ্টি হতে পারে। ফলে বিধিমালা প্রণয়নের উদ্যোগে দীর্ঘসূত্রতা পরিহার করে দ্রুততার সঙ্গে জনস্বার্থ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যকে প্রাধান্য দেওয়া প্রয়োজন।
সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাটতি ও সীমাবদ্ধতা রয়ে গেছে। বিশেষত, একক শলাকা ও খোলা তামাকজাত পণ্যের বিক্রয় নিয়ন্ত্রণের বিষয়টিও উপেক্ষিত রয়েছে। পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে নির্দিষ্ট শর্তসাপেক্ষে ধূমপানের জন্য পৃথক স্থান রাখার বিধান বহাল থাকায় পরোক্ষভাবে ধূমপানের সুযোগও রয়ে গেছে। এ ছাড়া ই-সিগারেট, হিটেড টোব্যাকোসহ নতুন প্রজন্মের তামাক ও নিকোটিন পণ্যের ওপর নিয়ন্ত্রণের বিষয়টিও আইনে যথাযথভাবে অন্তর্ভুক্ত হয়নি। বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে এসব সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণের ঘাটতি বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। কেননা তামাকজাত পণ্যের বৈচিত্র্য, বাজারজাতকরণের কৌশল এবং ব্যবহারের প্রবণতা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। ফলে উদ্ভূত নতুন বাস্তবতার সঙ্গে সংগতি রেখে তামাক নিয়ন্ত্রণের বিধিবদ্ধ কাঠামোকেও আরও বিস্তৃত, সময়োপযোগী ও কার্যকর করে তোলা জরুরি।
সরকার তাদের নির্বাচনী ইশতেহারে তামাকমুক্ত দেশ গড়ার যে অঙ্গীকার ব্যক্ত করেছিল, আইন প্রণয়নের মধ্য দিয়ে তার একটি শক্তিশালী নীতিগত ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে, জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণা করে আইন বাস্তবায়নের ক্ষেত্রেও একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এখন প্রয়োজন সেই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়া। জনস্বাস্থ্য সুরক্ষা, ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ এবং তামাকমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়ন হবে, এটিই দেশের মানুষের প্রত্যাশা।
লেখক: সংসদ সদস্য ও সদস্য, তামাকবিরোধী নারী সংসদ সদস্য ফোরাম



