‘ব্যবসায়িক উদ্দেশ্য’ কি যৌতুকের অজুহাত হবে

গ্রাফিকস: আগামীর সময়
৩ আগস্ট ২০২৬ তারিখে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ ‘মো. রাশেল উদ্দিন বনাম রাষ্ট্র ও অন্যান্য’ (ফৌজদারি আপিল নং ১২০/২০২৪) মামলায় আপিলকারী মো. রাশেল উদ্দিনকে খালাস প্রদান করেন এবং তার দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় বাতিল করেন। আদালত পর্যবেক্ষণ করেন যে, ‘ব্যবসায়িক উদ্দেশ্যে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুকের অন্তর্ভুক্ত নয়।’
মামলাটির ভিত্তিহীনতা এবং এটি সাজানো হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত এ সিদ্ধান্ত দেন। আপিলের আগে, কক্সবাজারে এ ঘটনার সূত্রপাত হয়েছিল, যেখানে ইসমাত আরা বেগম তার স্বামী মো. রাশেল উদ্দিনের বিরুদ্ধে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ একটি অভিযোগ করেন। মূল অভিযোগ ছিল, স্বামী তার ব্যবসার জন্য স্ত্রীর কাছে ১ লাখ টাকা দাবি করেন এবং সেই টাকা দিতে না পারায় তাকে মারধর করা হয়। আপিল শুনানিতে আদালত যৌতুকের আইনি সংজ্ঞার ওপর ভিত্তি করে যুক্তি প্রদান করেন।
‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’-এর ২(জ) ধারা অনুযায়ী, যৌতুক বলতে বোঝায়— বিয়ের শর্ত হিসেবে বা বিয়ের প্রতিদান হিসেবে বর বা তার নিকটাত্মীয়দের দ্বারা দাবি করা অর্থ, সামগ্রী বা সম্পত্তি। বর্তমান মামলায় দাবিটি ‘ব্যবসায়িক উদ্দেশ্যে’ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তাই আদালত এ সিদ্ধান্তে উপনীত হন, রাষ্ট্রপক্ষ এটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে, এই দাবিটি আইনের সংজ্ঞায় ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে। সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায়, আদালতের এই রায় ব্যবসায়িক উদ্দেশ্যে করা যেকোনো দাবির ক্ষেত্রে ঢালাও কোনো ছাড় দেয় না। তবে ভবিষ্যতে এ রায়টিকে কীভাবে ব্যাখ্যা করা হবে, তা নিয়ে একটি ঝুঁকি থেকেই যায়।
‘ব্যবসায়িক উদ্দেশ্য’ ধারণাটি একটি বড় ঝুঁকির কারণ হতে পারে, কারণ প্রচলিত আইনে যৌতুকের সংজ্ঞায় এটি কোনো আইনি শ্রেণিভুক্ত বিষয় নয়। প্রথমত, এ ধরনের তকমা ব্যবহার করে যেকোনো আর্থিক চাহিদাকে— যেমন দোকানের জন্য মূলধন, ঋণ পরিশোধ বা বিনিয়োগের প্রয়োজন— যৌতুকের দাবি থেকে আলাদা হিসেবে উপস্থাপন করা হতে পারে। বিবাদীপক্ষের আইনজীবীরা সম্ভবত এ রায়টিকে নজির হিসেবে ব্যবহার করে যুক্তি দেবেন, কোনো দাবিকে ‘ব্যবসায়িক উদ্দেশ্য’ হিসেবে চিহ্নিত করা গেলে যৌতুক-সংক্রান্ত তদন্ত সেখানেই শেষ হয়ে যায়। দ্বিতীয়ত, বিয়ের পরও যৌতুকের দাবি আসতে পারে।
বিয়ের পর কোনো অর্থ দাবি করা হলে, তা স্বামী-স্ত্রীর সম্পর্কের অবস্থা এবং সেই দাবির পেছনে থাকা অন্তর্নিহিত চাপের প্রেক্ষাপটে ব্যাখ্যা করা প্রয়োজন
আমাদের প্রচলিত আইনে যৌতুকের যে সংজ্ঞা রয়েছে, তা বিয়ের সময় ছাড়াও বিয়ের পরবর্তী সময়ে উত্থাপিত দাবির বিষয়টি অন্তর্ভুক্ত করতে ব্যর্থ। তৃতীয়ত, এর ফলে সাক্ষীদের সাক্ষ্য দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা থাকে। কারণ ‘ব্যবসায়িক উদ্দেশ্য’— এ তকমাটি দাবিকারীকে সুরক্ষা দেবে; তিনি দাবি করতে পারবেন, তিনি শুধু ব্যবসার প্রয়োজনে অর্থ চেয়েছিলেন, যা যৌতুকের সংজ্ঞার আওতাভুক্ত নয়। পরিশেষে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের (প্রসিকিউটর) কাজ আরও কঠিন হয়ে পড়বে; কারণ এখন তাদের অর্থের সঙ্গে বিয়ের একটি সুস্পষ্ট যোগসূত্র প্রমাণ করতে হবে।
তুলনামূলক দৃষ্টিকোণ থেকে দেখলে, ভারতের আদালতগুলোতেও অন্যান্য উদ্দেশ্যে অর্থ দাবির বিষয়ে একই ধরনের প্রশ্ন উঠেছিল। ‘আপ্পাসাহেব বনাম মহারাষ্ট্র রাজ্য’ (২০০৭) মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন, কৃষিকাজের খরচের জন্য অর্থ দাবি করাকে যৌতুক বলা যাবে না, কারণ এর সঙ্গে বিয়ের কোনো যোগসূত্র নেই। এ রায়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আট বছর পর সুপ্রিম কোর্টেরই তিন বিচারপতির একটি বেঞ্চ এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করেন। ‘রাজিন্দর সিং বনাম পাঞ্জাব রাজ্য’ (২০১৫) মামলায় আদালত রায় দেন, ‘আপ্পাসাহেব মামলায় আর্থিক সহায়তা চাওয়ার বিষয়ে যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছিল— অর্থাৎ তা যৌতুকের দাবি নয়, তা সঠিক আইন নয়।’
এমতাবস্থায়, ভবিষ্যতে এ ধরনের মামলায় যে জটিলতা সৃষ্টি হতে পারে, তা যৌতুকের আইনি সংজ্ঞাকে নতুন করে ভেবে দেখার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে। যৌতুকের সংজ্ঞাকে আরও বিস্তৃত করা উচিত, যাতে বিয়ের আগে, বিয়ের সময় এবং বিয়ের পর— সব সময়ের দাবিগুলোই স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকে। বিয়ের পর কোনো অর্থ দাবি করা হলে, তা স্বামী-স্ত্রীর সম্পর্কের অবস্থা এবং সেই দাবির পেছনে থাকা অন্তর্নিহিত চাপের প্রেক্ষাপটে ব্যাখ্যা করা প্রয়োজন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একক বিচারপতির বেঞ্চ যথার্থই উল্লেখ করেছেন, কোনো ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করতে হলে এটি প্রমাণ করা আবশ্যক, উত্থাপিত দাবিটি যৌতুকের আইনি সংজ্ঞার সঙ্গে পুরোপুরি খাপ খায়। তবে বিদ্যমান সংকীর্ণ সংজ্ঞা এবং ঘটনানির্ভর বিচারিক সিদ্ধান্ত— একবার আইনি নথিপত্র ও সংবাদ শিরোনামে উঠে এলে, তা একটি ঢাল হিসেবে কাজ করতে পারে। সংসদ ও আদালত যদি এ বিষয়টি স্পষ্ট না করেন, কোনো দাবি বিয়ের (এমনকি বিয়ের পরবর্তী সময়েরও) সঙ্গে সম্পর্কিত কি না, তবে ভবিষ্যতে যৌতুকপ্রথাকে বৈধতা দেওয়ার দীর্ঘ তালিকায় ‘ব্যবসায়িক উদ্দেশ্য’ নামক অজুহাতটি নতুন একটি সংযোজন
হয়ে উঠতে পারে।
লেখক: প্রভাষক, আইন বিভাগ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি



