Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

ব্যক্তির চেয়ে দুই দেশের সম্পর্ক অনেক বড়

এম হুমায়ুন কবির
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪১
শেয়ার করুন:
ব্যক্তির চেয়ে দুই দেশের সম্পর্ক অনেক বড়

গ্রাফিকস: আগামীর সময়

শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলি ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন করে কিছু প্রশ্ন সামনে নিয়ে এসেছে। তার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে বাংলাদেশের হাইকমিশনে যোগাযোগের খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা চলছে।

শেখ হাসিনার রাজনৈতিক অতীত বিবেচনায় তাকে ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। আমরা অতীতেও দেখেছি, তিনি বিভিন্ন ঘটনায় নাটকীয় পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছেন। এখন যদি এমন হয় যে শেখ হাসিনা ভারতের পেট্রাপোল স্থলবন্দরে সাংবাদিক ও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হলেন, বেনাপোলের বিপরীতে বাংলাদেশের প্রবেশমুখে দাঁড়িয়ে দেশে ঢোকার ঘোষণা দিলেন, তাহলে বাংলাদেশের প্রতিক্রিয়া কী হবে?

এ ধরনের পরিস্থিতিকে আগের কোনো রাজনৈতিক ঘটনার সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ নেই। বাংলাদেশের বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখানে শেখ হাসিনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। তিনি একসময় রাষ্ট্রের দায়িত্বশীল অবস্থানে ছিলেন এবং তার বিষয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সিদ্ধান্ত এসেছে। ফলে তিনি চাইলেই যেকোনো কিছু করতে পারবেন, বিষয়টি তেমন নয়। তার অবস্থান, বাংলাদেশের আইনি বাস্তবতা এবং ভারতের আইন ও প্রাতিষ্ঠানিক ভূমিকা— সবকিছুই বিবেচনায় নিতে হবে।

এখানে শুধু শেখ হাসিনা একা নন; বাংলাদেশ ও ভারত— দুই দেশের সম্পর্কও জড়িত। ফলে পেট্রাপোলে দাঁড়িয়ে দেশে ফেরার মতো কোনো নাটকীয় পরিস্থিতি তৈরি হলেও সেটিকে শুধু একজন ব্যক্তির সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। আমার সন্দেহ আছে, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের ঘটনা সহজে ঘটানো সম্ভব হবে কি না।

প্রথমেই পাসপোর্টের আবেদনের বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন। এখন পর্যন্ত আমরা যেটুকু জেনেছি, একজন আইনজীবী ইমেইলের মাধ্যমে বাংলাদেশের হাইকমিশনের কাছে যোগাযোগ করেছেন। কিন্তু এটিকে আমি এখনো আনুষ্ঠানিক আবেদন বলে মনে করছি না। কোনো নাগরিক পাসপোর্ট, ভিসা কিংবা অন্য কোনো সরকারি সেবা চাইলে তার জন্য নির্ধারিত ফরম ও পদ্ধতি রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজে আবেদন করতে হয়, স্বাক্ষর করতে হয় এবং প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিতে হয়। সেই প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনটি সরকারের বিবেচনার বিষয় হয়ে ওঠে।

যদি এমন হয় যে শেখ হাসিনা ভারতের পেট্রাপোল স্থলবন্দরে সাংবাদিক ও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হলেন, বেনাপোলের বিপরীতে বাংলাদেশের প্রবেশমুখে দাঁড়িয়ে দেশে ঢোকার ঘোষণা দিলেন, তাহলে বাংলাদেশের প্রতিক্রিয়া কী হবে?

এখানে নাগরিকের অধিকার যেমন রয়েছে, তেমনি রাষ্ট্রেরও নিজস্ব অধিকার ও বিবেচনার সুযোগ রয়েছে। একজন নাগরিক কোনো সরকারি সেবা চাইতে পারেন; কিন্তু রাষ্ট্র প্রচলিত আইন, বিধিবিধান ও পরিস্থিতি বিবেচনা করে সেই সেবা দেবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও রাখে। কাজেই শেখ হাসিনা তার অবস্থান থেকে নিয়ম অনুযায়ী আবেদন করলে সরকার প্রচলিত আইন ও বিধিবিধানের আলোকে সেটি বিবেচনা করতে পারবে। এর আগে বিষয়টি চূড়ান্ত কোনো আবেদন হিসেবে দেখার অবকাশ নেই।

শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে বারবার বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ আসছে। তবে এখানে একটি আইনি প্রশ্ন রয়েছে। শেখ হাসিনা ভারতে বন্দি নন। তিনি সেখানে অবস্থান করছেন, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন, রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। ফলে বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রয়োগ এখানে কীভাবে হবে, সেটি নিয়ে আইনি বিশেষজ্ঞদের বিশ্লেষণ প্রয়োজন।

উদাহরণ হিসেবে অনুপ চেটিয়ার বিষয়টি প্রায়ই সামনে আনা হয়। অনুপ চেটিয়া বাংলাদেশে আটক ছিলেন এবং বাংলাদেশের আইনে দোষী সাব্যস্ত হয়েছিলেন। অন্যদিকে, ভারতেও তিনি বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের অভিযোগে দণ্ডিত ছিলেন। সে ক্ষেত্রে দুই দেশের মধ্যে বন্দিবিনিময়ের একটি বাস্তবতা ছিল। কিন্তু শেখ হাসিনার পরিস্থিতি এক নয়। তিনি ভারতে আটক নন। ফলে দুটি পরিস্থিতিকে সরাসরি এক করে দেখার সুযোগ নেই। তবে আইনের চোখে কেউ অপরাধী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনি ব্যবস্থার প্রয়োগের সুযোগ থাকতে পারে। এটি মূলত আইনি ব্যাখ্যার বিষয়। এ ক্ষেত্রে আবেগ কিংবা রাজনৈতিক বক্তব্যের চেয়ে আইনি প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থান যে ভারত-বাংলাদেশ সম্পর্কের স্বাভাবিকীকরণের পথে একটি বাধা তৈরি করেছে, তা অস্বীকার করার সুযোগ নেই। এর একটি বাস্তব উদাহরণ আমরা দেখেছি বিমসটেক সম্মেলনের সময়। গত মাসে সম্মেলনে বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলাদেশ তখন শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগ ও দাবি তুলে ধরেছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ ওই সম্মেলনে অংশ নেয়নি, অর্থাৎ বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর এরই মধ্যে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে।

আমার মনে হয়, এ পরিস্থিতি যত দ্রুত সম্ভব দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কোনো একজন ব্যক্তি কিংবা একটি রাজনৈতিক গোষ্ঠীর চেয়ে অনেক বড়। আমরা পরস্পরের নিকট প্রতিবেশী। দুই দেশের মধ্যে ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক ও কৌশলগত পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। এখানে দুই দেশের জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য হওয়া প্রয়োজন।

শেখ হাসিনা যদি সত্যিই বাংলাদেশে ফিরতে চান, তাহলে এ ক্ষেত্রে কয়েকটি বাস্তবতা বিবেচনায় নিতে হবে। প্রথমত, বাংলাদেশের সরকারের নিজস্ব চাহিদা ও আইনি প্রক্রিয়া রয়েছে। দ্বিতীয়ত, শেখ হাসিনা যেহেতু ভারতে অবস্থান করছেন, সেহেতু ভারতের নিজস্ব আইন, বিধিবিধান ও অভিবাসন-সংক্রান্ত বাস্তবতাও রয়েছে। তৃতীয়ত, দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এ তিনটি বিষয় সমন্বিত হলে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো কোনো একটি সমাধানে একমত হতে পারলে বিষয়টির নিষ্পত্তি সম্ভব। প্রত্যর্পণ, তৃতীয় কোনো দেশে যাওয়ার সুযোগ কিংবা ভারতে অবস্থান অব্যাহত রাখা— যে বিকল্পই আলোচনায় আসুক না কেন, সেটি দুই দেশের আইনি ও কূটনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তি সেই সমাধান গ্রহণ করছেন কি না, সেটিও গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ঘিরে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। কোনো দেশই অন্য একটি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও জনগণের স্বার্থের বিরুদ্ধে পরিচালিত কর্মকাণ্ডকে সহজভাবে নেবে না। ভারত যেমন এ ধরনের কর্মকাণ্ড গ্রহণ করবে না, বাংলাদেশও করবে না। বাংলাদেশে এখন একটি নির্বাচিত সরকার রয়েছে এবং জনগণের একটি প্রত্যাশা রয়েছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সেই বাস্তবতা ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে।

এখানে আরেকটি প্রশ্ন সামনে আসে— শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে দরকষাকষির কোনো প্রবণতা কি ভারতের মধ্যে রয়েছে? এখন পর্যন্ত ভারত সরকার যে বক্তব্য দিচ্ছে, সেটিকে ভিত্তি ধরে বিচার করলে আমার কাছে এমন কোনো প্রবণতা স্পষ্ট নয়; বরং সাম্প্রতিক ঘটনাবলিতে ভারতের প্রতিক্রিয়া বেশ সংযত ও প্রাতিষ্ঠানিক বলে মনে হয়েছে। ভারত বলছে, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পত্তি হবে। এর অর্থ হলো, শেখ হাসিনা কিংবা অন্য কোনো পক্ষ চাইলেই সবকিছু ঘটবে না। ভারতের নিজস্ব আইন রয়েছে, বাংলাদেশেরও আইন রয়েছে। অভিবাসন-সংক্রান্ত বিধিবিধান রয়েছে, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিও রয়েছে। এসব আইনি কাঠামোর মধ্য দিয়েই বিষয়টির সমাধান হতে হবে।

ভারত একটি প্রাতিষ্ঠানিক রাষ্ট্র। সেখানে আইন ও প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। ফলে ভারতের বক্তব্যকে শুধু রাজনৈতিক অবস্থান হিসেবে না দেখে এর প্রাতিষ্ঠানিক তাৎপর্যও বিবেচনা করা প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে কোনো দেশের সব কর্মকাণ্ডের সঙ্গে একমত নাও হতে পারি। কিন্তু সে কারণে সেই দেশ কোনো বিষয়ে দায়িত্বশীল ভূমিকা নিলে সেটিকে ইতিবাচকভাবে বিবেচনা করতে আমার আপত্তি নেই। ভারত সরকার সাম্প্রতিক সময়ে বিষয়টি যেভাবে সংযতভাবে সামাল দিচ্ছে, সেটি আমি লক্ষ করছি।

তবে বাংলাদেশের সরকারের অবস্থান নিয়েও কিছু প্রশ্ন রয়েছে। বাংলাদেশ শেখ হাসিনাকে সত্যিকার অর্থে দেশে ফিরিয়ে আনতে কতটা আন্তরিক আর তাকে দেশের বাইরে রেখে রাজনৈতিকভাবে বিষয়টি ব্যবহার করার কোনো প্রবণতা রয়েছে কি না— এ নিয়ে জনমনে সংশয় তৈরি হওয়া অস্বাভাবিক নয়। এটিকে হালকাভাবে নিয়ে রাজনৈতিক বক্তব্য বা কৌশলের বিষয় বানানো উচিত নয়।

আমরা জানি, প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ ওঠার পর ভারত বাংলাদেশের কাছে মামলার কাগজপত্র ও আদালতের রায়ের কপি পাঠানোর কথা বলেছিল। বাংলাদেশ এ বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে, সেই তথ্য এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে কি না, আইনি প্রক্রিয়া কতদূর এগিয়েছে কিংবা প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কী কী পদক্ষেপ নিয়েছে— এসব বিষয়ে স্বচ্ছতা থাকা প্রয়োজন। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে কেন্দ্র করে অস্পষ্টতা কিংবা হালকাভাবে রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ নেই।

শেষ পর্যন্ত আমি মনে করি, শেখ হাসিনা একজন ব্যক্তি। তার বিষয়ে বাংলাদেশের আইনি প্রক্রিয়া রয়েছে, ভারতেরও নিজস্ব আইন ও বিবেচনা রয়েছে। কিন্তু ভারত-বাংলাদেশ দুই দেশের জনগণের স্বার্থ, পারস্পরিক নির্ভরশীলতা এবং দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থ সামনে রেখেই এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত। ব্যক্তির চেয়ে জনগণ বড়, ব্যক্তির চেয়ে দুই দেশের জাতীয় স্বার্থ বড়। এ উপলব্ধিই হওয়া প্রয়োজন ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি।

 

লেখক: সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক

 

দেশেরসম্পর্কশেখ হাসিনাঘটনাবলিহাইকমিশনপাসপোর্টপরিচয়পত্রনাটকীয়রাজনৈতিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা