আইসিজের রায়ে নতুন বাস্তবতা
রোহিঙ্গা পরিচয় ও ফেরার অধিকারের স্বীকৃতি

গ্রাফিকস: আগামীর সময়
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণ করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বিশ্বের বিচারব্যবস্থা ও মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই রায়ের তাৎপর্য শুধু একটি রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিচারিক নিষ্পত্তির মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে পরিচয়, তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার এবং হারানো সম্পত্তি ফিরে পাওয়ার দাবিরও আন্তর্জাতিক ভিত্তি তৈরি হয়েছে।
রোহিঙ্গা জনগোষ্ঠী কয়েক দশক ধরে মিয়ানমারে নাগরিকত্ব, পরিচয় ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের পর তাদের রাষ্ট্রহীনতার সংকট আরও গভীর হয়। পরে বিভিন্ন দফায় সহিংসতা, নির্যাতন ও বাস্তুচ্যুতির শিকার হয়ে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ২০১৭ সালের সামরিক অভিযানের পর এ সংকট ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নেয়। মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে স্বীকার করতে অস্বীকার করছে। তাদের বাংলাদেশ থেকে যাওয়া জনগোষ্ঠী হিসেবে পরিচিত করার চেষ্টা করছে।
এ বাস্তবতায় আইসিজের রায়কে আমি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখি। কারণ, এখানে শুধু গণহত্যার অভিযোগে মিয়ানমারের রাষ্ট্রীয় দায়ের বিষয়টি সামনে আসেনি; রোহিঙ্গাদের পরিচয় ও অধিকারও আন্তর্জাতিক বিচারিক পরিসরে স্বীকৃতি পেয়েছে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এ বিচারিক স্বীকৃতিকে কীভাবে বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক অগ্রগতিতে রূপ দেওয়া যায়।
আন্তর্জাতিক বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত
আইসিজের এই রায় একটি রাষ্ট্র তার সামরিক শক্তি, রাজনৈতিক প্রভাব কিংবা ভূরাজনৈতিক অবস্থানের কারণে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে থাকতে পারে না— এ নীতিকে আরও শক্তিশালী করে। এর প্রভাব শুধু মিয়ানমার বা রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে বিশ্বের অন্য কোথাও কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা বা এ ধরনের অপরাধ সংঘটিত হলে আন্তর্জাতিক বিচারব্যবস্থায় এই রায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।
এ প্রসঙ্গে গাজার পরিস্থিতির কথাও উল্লেখ করা প্রয়োজন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে বিপুলসংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানি এবং মানবিক বিপর্যয়ের ঘটনায় দক্ষিণ আফ্রিকা আইসিজেতে মামলা করেছে। গাজায় সংঘটিত ঘটনাবলির বিচারিক মূল্যায়ন এবং মিয়ানমারের বিরুদ্ধে রায়ের বিষয়বস্তু এক নয়। তবে রাষ্ট্রের আন্তর্জাতিক দায় নির্ধারণ এবং গণহত্যা প্রতিরোধে আন্তর্জাতিক আইনের প্রয়োগের প্রশ্নে এ রায় ভবিষ্যতের বিচারিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আমার কাছে এই রায়ের সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে গণহত্যার মতো অপরাধের বিরুদ্ধে জবাবদিহির একটি শক্তিশালী দৃষ্টান্ত সৃষ্টি করেছে। মানবাধিকার রক্ষার প্রশ্নে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর রাখার যে প্রয়োজনীয়তা রয়েছে, এ রায় সেই প্রয়োজনীয়তাকেও সামনে নিয়ে এসেছে।
আইসিজে ও আইসিসি: রাষ্ট্রের দায় বনাম ব্যক্তির দায়
রোহিঙ্গা সংকটের বিচারিক প্রক্রিয়া বুঝতে হলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)— এই দুটি প্রতিষ্ঠানের ভূমিকার পার্থক্য বোঝা জরুরি।
আইসিজে রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করে। অন্যদিকে আইসিসি ব্যক্তির ফৌজদারি দায় নির্ধারণ করে। অর্থাৎ কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আইনের অধীনে দায়ী কি না, সেটি আইসিজের বিবেচ্য বিষয়। আর সেই রাষ্ট্রের সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃত্ব কিংবা অন্য কোনো ব্যক্তি নির্দিষ্ট অপরাধের সঙ্গে যুক্ত কি না, সেটি আইসিসির বিচারিক এখতিয়ারের বিষয়।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে এ দুটি বিচারিক প্রক্রিয়া পরস্পরকে সহায়তা করতে পারে। আইসিজের রায়ে মিয়ানমারের রাষ্ট্রীয় দায়ের পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রশ্নটিও উঠেছে। রাষ্ট্র অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে কি না, সেটিও এখানে বিবেচ্য।
এ প্রসঙ্গে গাজার পরিস্থিতির কথাও উল্লেখ করা প্রয়োজন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে বিপুলসংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানি এবং মানবিক বিপর্যয়ের ঘটনায় দক্ষিণ আফ্রিকা আইসিজেতে মামলা করেছে। গাজায় সংঘটিত ঘটনাবলির বিচারিক মূল্যায়ন এবং মিয়ানমারের বিরুদ্ধে রায়ের বিষয়বস্তু এক নয়। তবে রাষ্ট্রের আন্তর্জাতিক দায় নির্ধারণ এবং গণহত্যা প্রতিরোধে আন্তর্জাতিক আইনের প্রয়োগের প্রশ্নে এ রায় ভবিষ্যতের বিচারিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
এখানে সামরিক বাহিনীর কমান্ড কাঠামো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কোনো সামরিক অভিযান পরিচালিত হলে সেখানে কারা নির্দেশনা দিয়েছেন, কারা অভিযান বাস্তবায়ন করেছেন, কার নির্দেশে বেসামরিক মানুষের ওপর হামলা করা হয়েছে এবং এসব অপরাধ সম্পর্কে নেতৃত্ব কতটা অবগত ছিল— এসব বিষয় ব্যক্তিগত দায় নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করতে হয়।
মিয়ানমারের সামরিক নেতৃত্ব, বিশেষ করে মিন অং হ্লাইং এবং সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাদের ভূমিকা তাই গুরুত্বপূর্ণ। তবে রাষ্ট্রের দায় প্রতিষ্ঠিত হলেই সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে অপরাধী সাব্যস্ত হয়ে যান না। আইসিসিকে নিজস্ব তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তিগত দায় নির্ধারণ করতে হবে।
এখানে আইসিজের রায় আইসিসির কাজকে সহায়তা করতে পারে। দুটি আদালত আলাদা পথে কাজ করলেও আইসিজের পর্যবেক্ষণ, তথ্য ও সিদ্ধান্ত ব্যক্তিগত দায়বদ্ধতার প্রশ্নে প্রাসঙ্গিক উপাদান। ফলে রোহিঙ্গাদের ন্যায়বিচারের জন্য রাষ্ট্রের দায় নির্ধারণ এবং ব্যক্তির দায় নির্ধারণ— দুই প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ।
রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা
আন্তর্জাতিক আদালতের রায় ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই রায় বাস্তবায়ন করবে কে? আইসিজের নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই; কিংবা আদালত সরাসরি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক বা প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন না। তবে এর অর্থ এই নয়, আদালতের রায়ের কোনো বাধ্যবাধকতা নেই।
জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো আন্তর্জাতিক বিচারব্যবস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ। আইসিজের রায় বাস্তবায়নের ক্ষেত্রে তাই সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর দায়িত্ব রয়েছে। এই দায়িত্বকে শুধু আইনি বাধ্যবাধকতা হিসেবে দেখলে হবে না; এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি নৈতিক দায়িত্বও।
রায় বাস্তবায়নের ক্ষেত্রে কয়েকটি পর্যায়ে উদ্যোগ নেওয়া সম্ভব।
প্রথমত, গাম্বিয়ার সঙ্গে এ মামলার প্রক্রিয়ায় যুক্ত রাষ্ট্রগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এসব রাষ্ট্রের সম্মিলিত কূটনৈতিক অবস্থান মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশও তাদের সঙ্গে কাজ করে রায় বাস্তবায়নের জন্য উদ্যোগী হতে পারে। মিয়ানমারের ওপর সরাসরি চাপ সৃষ্টির পাশাপাশি দেশটির যেসব আন্তর্জাতিক অংশীদার রয়েছে, তাদেরও এ প্রক্রিয়ায় যুক্ত করা প্রয়োজন।
দ্বিতীয়ত, জাতিসংঘের সাধারণ পরিষদকে কাজে লাগানোর সুযোগ রয়েছে। সেখানে আইসিজের রায় বাস্তবায়নের পক্ষে প্রস্তাব উত্থাপন করা যেতে পারে। সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত হলেই যে তা স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হবে, এমন নিশ্চয়তা নেই। তবে এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের ওপর রাজনৈতিক ও নৈতিক চাপ বাড়বে।
তৃতীয়ত, প্রয়োজন হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করা যেতে পারে। তবে নিরাপত্তা পরিষদের ক্ষেত্রে চীন ও রাশিয়ার অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। অতীতে রোহিঙ্গা সংকটে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদে ঐকমত্য তৈরি করা কঠিন হয়েছে। চীন ও রাশিয়ার সঙ্গে মিয়ানমারের কৌশলগত সম্পর্ক রয়েছে। ফলে নিরাপত্তা পরিষদের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বাধা সৃষ্টি হতে পারে।
তবে আমি মনে করি, নিরাপত্তা পরিষদের সম্ভাব্য বাধাকে সামনে রেখে আগেই কূটনৈতিক উদ্যোগ সীমিত করে ফেলা উচিত হবে না; বরং বিভিন্ন পর্যায়ে আন্তর্জাতিক সমর্থন তৈরি করতে হবে। বহুপক্ষীয় প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ব্যবস্থাকে শক্তিশালী করার যে অঙ্গীকার বিভিন্ন বিশ্বনেতা প্রকাশ করছেন, সেটিকে এক্ষেত্রে কাজে লাগানোর সুযোগ রয়েছে। যারা আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে কার্যকর করার কথা বলছেন, তাদের কাছে এই রায় বাস্তবায়নে সহযোগিতা চাওয়া যেতে পারে।
চীন-রাশিয়াকে কূটনৈতিকভাবে যুক্ত করার সুযোগ
রোহিঙ্গা সংকটের সমাধানে চীন ও রাশিয়ার ভূমিকা উপেক্ষা করার সুযোগ নেই। মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে এই দুই দেশের সম্পর্ক রয়েছে। ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির ক্ষেত্রে তাদের অবস্থান গুরুত্বপূর্ণ।
কিন্তু বাংলাদেশের কূটনীতিতে চীন ও রাশিয়াকে শুধু মিয়ানমারের সমর্থক হিসেবে বিবেচনা করলে চলবে না; বরং নতুন বাস্তবতায় তাদের সঙ্গে কাজ করার সুযোগ খুঁজতে হবে। আন্তর্জাতিক আইন ও বহুপক্ষীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার বিষয়ে তাদের যে বক্তব্য রয়েছে, সেটিকে রোহিঙ্গা সংকটের সমাধানে সহযোগিতা আদায়ের ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে।
এখানে একটি বিষয় লক্ষণীয়। মিয়ানমার আইসিজের বিচারিক প্রক্রিয়ায় অংশ নিয়েছে, নিজেদের বক্তব্য ও যুক্তি উপস্থাপন করেছে এবং আদালতের সামনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। অর্থাৎ তারা আদালতের বিচারিক প্রক্রিয়াকে পুরোপুরি অস্বীকার করেনি। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে মিয়ানমারকে রায় বাস্তবায়নে চাপ দেওয়ার কূটনৈতিক সুযোগ রয়েছে।
বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করা। আমাদের জানতে হবে, রোহিঙ্গারা আসলে কী চায়
মিয়ানমার রায় বাস্তবায়নে সময়ক্ষেপণ করতে পারে। কিন্তু আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত সরাসরি অগ্রাহ্য করার ক্ষেত্রে তাদের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক মূল্যও তৈরি হবে। শুধু নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের ওপরই চাপ সৃষ্টির বিষয়টি নির্ভর করবে না। বিভিন্ন রাষ্ট্র নিজস্ব উদ্যোগে দ্বিপক্ষীয় নিষেধাজ্ঞা বা অন্যান্য কূটনৈতিক ব্যবস্থা নিতে পারে।
তাই বাংলাদেশের উচিত চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনার পথ খোলা রাখা। তাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে, আইসিজের রায় বাস্তবায়নে সহযোগিতা করা মানে শুধু রোহিঙ্গাদের প্রতি দায়িত্ব পালন নয়; এটি আন্তর্জাতিক বিচারব্যবস্থা ও বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি তাদের নিজেদের অঙ্গীকারেরও প্রতিফলন।
রোহিঙ্গা পরিচয়ের আন্তর্জাতিক স্বীকৃতি
মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে স্বীকার করতে অস্বীকার করেছে। তাদের বাংলাদেশ থেকে যাওয়া জনগোষ্ঠী হিসেবে পরিচিত করার চেষ্টা করেছে। এমনকি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবাসন নিয়ে যে চুক্তি হয়েছিল, সেখানেও রোহিঙ্গা শব্দটি ব্যবহার করা হয়নি। কিন্তু আন্তর্জাতিক বিচারিক পরিসরে রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় স্বীকৃতি পেয়েছে। তাদের একটি সুরক্ষিত জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়েছে।
আমি এই রায়ের মধ্যে রোহিঙ্গাদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি দেখতে পাই। প্রথমত, তারা একটি স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। দ্বিতীয়ত, রোহিঙ্গা পরিচয়ের স্বীকৃতি এসেছে, যা মিয়ানমারের দীর্ঘদিনের রাষ্ট্রীয় বয়ানকে চ্যালেঞ্জ করে। তৃতীয়ত, নিজ ভূমিতে ফিরে যাওয়া, সেখানে বসবাস এবং হারানো সম্পত্তি ফিরে পাওয়ার অধিকারের প্রশ্নটি আন্তর্জাতিক বিচারিক আলোচনায় আরও শক্তিশালী হয়েছে।
এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। কারণ রোহিঙ্গাদের সংকট শুধু বাস্তুচ্যুতির সংকট নয়; এটি পরিচয়, নাগরিকত্ব ও অধিকারবঞ্চনার সংকটও। তাদের নিজস্ব পরিচয় অস্বীকার করে প্রত্যাবাসনের কোনো টেকসই সমাধান সম্ভব নয়।
প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ: বাংলাদেশের নতুন কূটনৈতিক সুযোগ
রোহিঙ্গাদের প্রত্যাবাসন বলতে শুধু সীমান্ত পার করে মানুষকে মিয়ানমারে ফিরিয়ে দেওয়াকে বোঝায় না। তাদের নাগরিকত্ব, নিরাপত্তা, পরিচয়, চলাচলের স্বাধীনতা, বসবাসের অধিকার এবং স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা দিতে হবে। এসব অধিকার নিশ্চিত না হলে প্রত্যাবাসন টেকসই হবে না।
আইসিজের রায়ে রেস্টিটিউশন বা হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়ার বিষয়টি এসেছে। যেসব রোহিঙ্গারা নিজ বাড়িঘর ও জমি থেকে উচ্ছেদ হয়েছে, তাদের সেই সম্পত্তি ফিরে পাওয়ার অধিকার রয়েছে। একই সঙ্গে একজন নাগরিক হিসেবে যেসব মৌলিক অধিকার পাওয়ার কথা, সেগুলোও নিশ্চিত করতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ কত হবে, কীভাবে তা নির্ধারিত হবে এবং কী প্রক্রিয়ায় তা আদায় করা হবে—এসব বিষয় আদালতের নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোবে।
তবে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করা। আমাদের জানতে হবে, রোহিঙ্গারা আসলে কী চায়। তাদের কাছে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ— নাগরিকত্বের স্বীকৃতি, নিজ ভূমিতে নিরাপদ প্রত্যাবর্তন, হারানো সম্পত্তি ফিরে পাওয়া, নাকি ক্ষতিপূরণ? অবশ্যই এগুলো পরস্পরবিরোধী দাবি নয়। তবে মিয়ানমারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে কোন বিষয়টি তাৎক্ষণিকভাবে বেশি গুরুত্ব পাবে, তা বোঝা জরুরি।
রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করে তাদের প্রত্যাশা ও অগ্রাধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেলে বাংলাদেশের দরকষাকষির ক্ষেত্রও তৈরি হবে। উদাহরণ হিসেবে বলা যায়, ক্ষতিপূরণের বিষয়টি ভবিষ্যতের জন্য রেখে নাগরিকত্বের স্বীকৃতি ও নিরাপদ প্রত্যাবাসনের নিশ্চয়তা আদায়ের কোনো সুযোগ রয়েছে কি না, তা বিবেচনা করা যেতে পারে। তবে এ ধরনের যেকোনো সমঝোতা অবশ্যই রোহিঙ্গাদের মতামত ও সম্মতির ভিত্তিতে হতে হবে। তাদের অধিকার নিয়ে তাদের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগে তাই রোহিঙ্গাদের নিজেদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে হবে। এসব বিষয়ে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করা প্রয়োজন।
রায় বাস্তবায়নে বাংলাদেশের করণীয়
বাংলাদেশের সামনে এখন কয়েকটি কূটনৈতিক পথ খোলা রয়েছে। প্রথমত, মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রায় বাস্তবায়ন ও প্রত্যাবাসনের বিষয়ে উদ্যোগ নিতে হবে। নতুন রাজনৈতিক ও সামরিক বাস্তবতা বিবেচনায় নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি করা জরুরি।
দ্বিতীয়ত, মামলার সঙ্গে যুক্ত রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করতে হবে। তাদের সম্মিলিত উদ্যোগে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব। তৃতীয়ত, চীন ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়াতে হবে। চতুর্থত, জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদসহ বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আসিয়ানের সঙ্গেও কাজ করার সুযোগ রয়েছে। আগে যে ত্রিপক্ষীয় বা আঞ্চলিক উদ্যোগের কথা আলোচনায় ছিল, সেগুলোকে নতুন বাস্তবতায় আবার সক্রিয় করার চেষ্টা করা যেতে পারে।
এক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আন্তর্জাতিক আদালতের রায়কে সামনে রেখে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করলেই হবে না; বরং মিয়ানমারের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ এবং রোহিঙ্গা সংকটের সমাধানকে একই আলোচনার অংশ করতে হবে।
রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করে তাদের প্রত্যাশা ও অগ্রাধিকার নির্ধারণ করাও বাংলাদেশের কৌশলের অংশ হওয়া উচিত। কারণ যে জনগোষ্ঠীর জন্য এই বিচারিক প্রক্রিয়া, তাদের মতামত ছাড়া কোনো টেকসই সমাধান সম্ভব নয়।
আন্তর্জাতিক স্বীকৃতি থেকে বাস্তব ন্যায়বিচার
ধরা যাক, আগামী কয়েক বছরেও মিয়ানমার আইসিজের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিল না। নিরাপত্তা পরিষদও কোনো শক্তিশালী উদ্যোগ নিতে পারল না। তাহলে রোহিঙ্গাদের জন্য এই রায়ের বাস্তব মূল্য কী থাকবে?
আমি মনে করি, এমন পরিস্থিতিতেও রায়টির গুরুত্ব হারিয়ে যাবে না। কারণ এটি একটি আন্তর্জাতিক বিচারিক স্বীকৃতি, যা মিয়ানমারের রাষ্ট্রীয় দায়কে সামনে এনেছে এবং রোহিঙ্গাদের পরিচয় ও অধিকারের প্রশ্নকে শক্তিশালী করেছে। আদালতের কাছে রায় বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরার বাধ্যবাধকতাও মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করবে। পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র নিজস্ব উদ্যোগে কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারে।
তবে আমাদের মনে রাখতে হবে, আন্তর্জাতিক আদালতের স্বীকৃতি আর বাস্তব জীবনের ন্যায়বিচারের মধ্যে ব্যবধান রয়েছে। আদালতের রায় একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করতে পারে; কিন্তু সেই ভিত্তিকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক সদিচ্ছা, আন্তর্জাতিক সহযোগিতা এবং কার্যকর কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।
রোহিঙ্গারা কয়েক দশক ধরে বঞ্চনা ও নির্যাতনের শিকার। এত দীর্ঘ সময় পর আন্তর্জাতিক বিচারিক পরিসরে তাদের পরিচয়, অধিকার ও ন্যায়বিচারের দাবির স্বীকৃতি নিঃসন্দেহে ইতিবাচক ঘটনা।
আমি আশাবাদী হতে চাই। তবে সেই আশাকে বাস্তবে রূপ দিতে হলে এখনই সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। রোহিঙ্গাদের পরিচয়ের স্বীকৃতি, নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার এবং হারানো সম্পত্তি ফিরে পাওয়ার দাবিকে বাস্তবায়নের পথে নিয়ে যেতে হবে। বাংলাদেশের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ। এ সুযোগ কতটা কাজে লাগানো যাবে, তার ওপরই নির্ভর করবে রোহিঙ্গা সংকটের পরবর্তী অধ্যায়।
লেখক: সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক




