টেক্সাসে নিখোঁজের ৪দিন পর নিজের গাড়িতেই মিলল বাংলাদেশির মরদেহ

নিহত আলী আহমদ
টেক্সাসে নিখোঁজের চার দিন পর বাংলাদেশি উবার চালক আলী আহমদের মরদেহ পাওয়া গেছে। তিনি আরভিং সিটিতে বসবাস করতেন। ২০১৭ সালে উন্নত জীবনের প্রত্যাশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।
নিহত আলী আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া ত্রিমুখী এলাকার বাসিন্দা মৃত আছার উদ্দিনের কনিষ্ঠ পুত্র। তবে তাদের আদি নিবাস বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গাড়ির ভেতরেই স্ট্রোক করে মারা যান আলী আহমদ। বৃহস্পতিবার পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিউইয়র্কে বসবাসরত আলী আহমেদের পারিবারিক বন্ধু ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক ফয়সল চৌধুরী আগামীর প্রতিবেদককে বলেন, মরহুমের পরিবার লাশ গ্রহণ করেছে। আজই তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার জুমার নামাজ ও দুপুরের খাবার শেষে উবার চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হন আলী আহমদ। তবে প্রতিদিনের মতো কাজ শেষে রাতে আর ফিরেননি। পরদিন শনিবার সকাল পর্যন্ত পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন বন্ধ পেয়ে সম্ভাব্য সব আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন। কোথাও কোনো সন্ধান না পেয়ে একপর্যায়ে স্থানীয় পুলিশ স্টেশনে নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজের চার দিন পর মঙ্গলবার পুলিশ তার ব্যবহৃত নিজস্ব গাড়ি থেকেই মরদেহ উদ্ধার করে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আলী আহমদের এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে টেক্সাসসহ গোটা যুক্তরাষ্ট্রে বসবাসরত বিয়ানীবাজারবাসী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।




